২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামের কাঁধে চড়ে অনেক দূর গেল পাকিস্তান

মধ্যাহ্ন বিরতির আগে দানিশ কানেরিয়া যখন আউট হলেন পাকিস্তানের স্কোর তখন ৯ উইকেটে ১৯১।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

দলের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আসিফকে (০*) নিয়ে তারপর থেকেই ৬৭ রানের লিড যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা শুরু করলেন অধিনায়ক ইনজামাম। পুরো দায়িত্ব একার কাঁধে নিয়ে এগিয়ে চলার সে এক অসাধারন প্রয়াস। একটু হলে ক্যারিয়ারের ২৬ তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েই যেতেন ‘ইনজি’। কিন্তু তাকে ৯২ রানে রেখে আসিফ এনটিনির ষষ্ঠ শিকারে পরিণত হলে ২৬৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাতেই অবশ্য এসে গেছে ১৪১ রানের লিড। পোর্ট এলিজাবেথের উইকেটে দক্ষিণ আফ্রিকার জন্য এটাকে বেশ বড় বোঝাই বলতে হবে।

৫৯ রানে ৬ উইকেট পেয়েছেন মাখায়া এনটিনি। এ ইনিংসে তিনশ’ উইকেটের মাইলফলকও ছোঁয়া হয়ে গেছে তার। শন পোলক ২টি আর ক্যালিস এবং নেল পেয়েছেন ১টি করে উইকেট। দ্বিতীয় ইনিংস শুরু করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্কোর বিনা উইকেটে ৬ রান।