২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটদের সামনেও হাবিবুলের বড় লক্ষ্যেরই কথা

হাবিবুল বাশারদের খেলা তাদের দুজনকে আলোড়িত করে ভীষণ। শুক্রবার সকাল থেকে ক্রিকেটারদের খেলার বাইরের একটা দিকও আন্দোলিত করতে শুরু করেছে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী এবং হাশেম খানের মনোজগতকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

শ্যামলীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জীর্ণশীর্ণ আবাসস্থল ক্রিকেটারদের আর্থিক সহযোগিতায় নতুন করে গড়ে ওঠার খবর এদিন প্রায় সব পত্র--পত্রিকাতেই এসেছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় তুলির আঁচড়ে অজস্র ‘শিল্পিত সুন্দর’ এর দুই জন্মদাতার সঙ্গে দেখা না হলে হয়তো ওই দুটোর কোনোটাই জানা হতো না হাবিবুল বাশারের।

ক্রিকেট মাঠ ও ক্যানভাসের স্বতন্ত্র্য শিল্পীদের এদিন একই মঞ্চে পাশাপাশি দাঁড়ানোর বিরল দৃশ্যও ফ্রেমবন্দী হয়ে গেল।

হাশেম খানের কথাতেও এলো বিষয়টা।

 “আমাদের শিল্পীদের সঙ্গে তো খেলোয়াড়দের যোগাযোগ সচরাচর হয়ে ওঠে না। এই অনুষ্ঠানে এসে তাও কিছুটা হলো।”

অনুষ্ঠানটির আয়োজক ‘নিত্যউপহার’। এদেশের ঐতিহ্যকে বরাবরই নিজেদের টি শার্টে তুলে আনা শাহবাগের এই ফ্যাশন হাউসটি গত বছর বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের এক বছর পূর্তি উপলক্ষ্যে যে স্মারকটি বের করেছিল তা যতেœর সঙ্গে বাঁধাই করে রাখা আছে হাবিবুলের বাসায়। তাই আবারো তাদের ডাকে সাড়া না দিয়ে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

 “নিত্যউপহারের থিমটা আমাদের খুব ভালো লাগে। তারা ক্রিকেট নিয়ে কাজ করেন।”

২০০৫ থেকে ছোটদের ছবি আঁকার প্রতিযোগিতা করে আসছে তারা। ‘বসে আঁকো ২০০৬’ এ অবশ্য বিষয় শুধুই বাংলাদেশ ছিল না, ছিল ‘তোমার চোখে বাংলাদেশের ক্রিকেট’ও।

গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া এক হাজার প্রতিযোগীর আঁকা ছবি থেকে বাছাই করা ১৬৫টি ছবি নিয়ে শুক্রবার চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধনী শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল। সেই মঞ্চে বরেণ্য শিল্পীদের সঙ্গে ছিলেন বাংলাদেশ অধিনায়কও।

গ্যালারিতে টানানো ছোটদের ছবিগুলো তাদের অনুভূতিকে নাড়া দিচ্ছিল বারবার। বিশেষ করে ক্রিকেট বিষয়ক ৪০টি ছবি নিশ্চয়ই হাবিবুলকে অন্য এক জগতেও নিয়ে যাচ্ছিল। কেননা ছোটদের আঁকা ছবিগুলোয় বিজয়ই ছিল প্রথম এবং শেষ কথা।

আর ক্রিকেটেরও এই আয়োজনের অংশ হয়ে যাওয়ার ব্যাখ্যাটা পাওয়া গেল শিল্পী কাইয়ুম চৌধুরীর কাছ থেকে।

 “যে অল্প কটা বিষয় নিয়ে আমরা সারা বিশ্বে গর্ব করতে পারি তার মধ্যে ক্রিকেট একটা। বিষয় হিসেবে ক্রিকেটের অন্তর্ভুক্তিটা তাই খুবই যৌক্তিক।”

সামনেই দলবল নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন হাবিবুল বাশার। সেখানে নিয়ে যাওয়ার মতো কিছু এই অনুষ্ঠান থেকেও পেলেন। ৪০টি থেকে বাছাই করা একটি ছবি দিয়ে করা টি শার্ট এদিনই শুভেচ্ছা উপহার হিসেবে বিশ্বকাপগামী বাংলাদেশ দলের জন্য হাবিবুলের হাতে তুলে দিয়েছে ‘নিত্যউপহার’।

প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী বাহার রহমান বলছিলেন, “আমরা চেয়েছি বাচ্চাদের শুভকামনা নিয়ে বিশ্বকাপে খেলতে যাক বাংলাদেশ ক্রিকেট দল। ওদের ডিজাইন দিয়ে করা টি শার্ট উপহার দেওয়ার এটাই কারণ।”

ওই ছবিতে আছে জন্টি রোডসের মতো উড়ন্ত এক বাংলাদেশী ফিল্ডার ক্যাচ ধরছেন। বাস্তবে সেই ফিল্ডারটি কে?--- ছোটদের কাছ থেকে আসা প্রশ্নে হেসে হাবিবুলের উত্তর,“আর যেই হোক আমি নই। কারণ আমি অতোদূর লাফাতে পারি না।”

আর ওই প্রশ্নোত্তর পর্বে ‘পিচ্চি’দের ‘আংকেল’ ডাকও নিশ্চয়ই মধুর লেগেছে হাবিবুলের। জানালেন, “আমার দলের আর কেউই এখানে আসেনি। কিন্তু আমি তাদের সবাইকে এই অনুষ্ঠানটার কথা বলবো। বলবো, তারা যেন প্রদর্শনীটায় এসে ঘুরে যায়। ক্রিকেট নিয়ে আঁকা ওদের ছবিগুলো অসাধারণ। এই অনুষ্ঠান, ওদের ছবি দিয়ে টি শার্ট --- এসব বিশ্বকাপগামী বাংলাদেশ দলের জন্য অনেক বড়ো এক অনুপ্রেরণা।”

ছোটদের সামনে বলা হাবিবুলের কথায় তার দলের বিশ্বকাপ লক্ষ্যটাও বড়। ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কিনা’ --- ছোট্ট এক শিশুর এমন প্রশ্নে কল্পনার রাশ টেনে ধরলেন অবশ্য, “আমরা বিশ্বকাপ জিতবো, এটা বোধহয় একটু বড়ো চিন্তা হয়ে যায়। তবে আমাদের লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া।” 

তবে শেষ করার আগে এও বললেন, “আমি নিশ্চিত বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে।”

ক্রিকেট নিয়ে আঁকা শিশুরা বড়ো হতে হতে বাংলাদেশ সেই দিনটা পেয়েও তো যেতে পারে!