গরম আর পাত্তা পাচ্ছে না শারাপোভাদের কাছে
প্রথম রাউন্ডে অখ্যাত প্রতিপক্ষের সঙ্গেই হারতে বসেছিলেন মারিয়া শারাপোভা। এমন নাকাল হওয়ার পেছনে মেলবোর্নের অসহ্য গরমকে দায়ী করেছিলেন মেয়েদের শীর্ষ বাছাই এই রুশ। তবে দ্বিতীয় রাউন্ডে গরমকে জয় করে স্বদেশী আনাস্তাসিয়া রোডিনোভাকে ৬ --- ৩, ৬ --- ০ গেমে উড়িয়েই দিয়েছেন শারাপোভা। অস্ট্রেলিয়ান ওপেনে বৃহস্পতিবার পুরুষ ও মেয়েদের প্রায় সব বাছাই খেলোয়াড়ই জয় পেয়েছেন সামান্য ঘাম ঝরিয়ে।
কারো সহজ জয়কেও মেলবোর্নে ‘ঘাম না ঝরিয়ে জিতেছেন’ বললে সত্যের অপলাপ হবে। ওখানে এখন এত গরম যে, গ্যালারিতে বসেও না ঘেমে থাকার জো নেই। তারপরও যত অল্প পরিশ্রমে সম্ভব জয় আদায় করার পরিকল্পনায় আরেকটি দিনও শীর্ষ তারকাদের সবাই সফল। প্যাটি স্নাইডার, দিনারা সাফিনা, ড্যানিয়েলা হান্তুচোভা, মার্টিনা হিঙ্গিস আর কিম ক্লাইস্টার্স --- মেয়েদের টেনিসের সামনের কাতারের সবাই জয় পেয়েছেন। পুরুষদের এককেও রাফায়েল নাদাল, নিকোলাই ডেভিডেঙ্কো, টমি হ্যাস, ডেভিড নালবান্দিয়ান, লেটন হেউইট আর জেমস ব্লেকও পেরিয়ে গেছেন দ্বিতীয় রাউন্ডের বাধা।
