জোড়াতালির দল নিয়েই বড় আশ্বাস শোনালো ব্রাদার্স
পেশাদার লিগের ভাগ্য ভবিষ্যতের কাছে জমা থাকলেও ইতিমধ্যে পেশাদারি ভঙ্গিমায় মিডিয়ার সামনে হাজির হতে শুরু করেছে দলগুলো।
বৃহস্পতিবার বাফুফে ভবনে বি. লিগকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের কথা বলে গেছেন ব্রাদার্স অধিনায়ক ও কর্মকর্তারা। এবং সঙ্গে ছিলেন পেশাদারী প্রথার অবশ্যম্ভাবী চরিত্র, ক্লাবের মিডিয়া ম্যানেজার সৈয়দ মাসুম আলী। তবে ব্রাদার্সের মুখপাত্র হিসেবে চিরচেনা আমের খানই যথারীতি শুরু করেছেন, “আমাদের মধ্যে এখনো শতভাগ পেশাদারিত্ব না এলেও ধীরে ধীরে আমরা এই পথে এগিয়ে যাবো। সেই উদ্দেশ্য নিয়েই আমরা দল সাজিয়েছি।”
তবে যে দলের কথা তিনি বলছেন সেটা গত দুই মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যম্পিয়ন ব্রাদার্সের চেয়ে অনেক খন্ডিত শক্তির। কখন যে তাদের ঘরে হানা দিয়ে আসল সৈনিকদের অন্যরা নিয়ে গেছে তা টেরই পাননি তারা। অনেক তারকাকে হারিয়ে এবং নতুন সংযুুক্তির পর যে দল দাঁড়িয়েছে তা নিয়েই অবশ্য ব্রাদার্স এখন আশাবাদী। দলের ম্যানেজারের বিশ্বাস, “অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমরা যে দল গড়েছি তার মাঠের পারফরম্যান্স ভালোই হবে। তাছাড়া দলের শক্তিটা অনেকখানি নির্ভর করছে বিদেশীদের ওপরও। কোচ নাঈমুদ্দিন আসার পর আমরা বিদেশী খেলোয়াড় আনার উদ্যোগ নেবো। নাঈমুদ্দিনের সঙ্গে আমাদের মৌখিক কথাবার্তা হয়ে গেছে।” তাদের দাবি অনুযায়ী আগামী সপ্তাহেই ঢাকায় এসে পড়ার কথা ভারতীয় কোচ নাঈমুদ্দিনের।
তবে মর্মান্তিক ব্যাপার হচ্ছে, ব্রাদার্স পূর্ণাঙ্গ দল তৈরি করেছে দাবি করলেও ১৩ জন খেলোয়াড়ের বেশি নাম জানাতে পারেনি সংবাদ সম্মেলনে। ওই ১৩ জনের মধ্যেই আবার পারিশ্রমিকের ভিত্তিতে তিনটি ভাগ। ‘এ’-তে আছেন মাসুদ রানা, জুয়েল রানা, শুভ্র, মনোয়ার, তপু, ফয়সাল ও রিন্টু। ‘বি’--তে রাখা হয়েছে আলী, পলো, জালাল ও রনিকে এবং ‘সি’-- তে আছেন মামুন ও রুবেল।
অবশ্য প্রকৃত অর্থে দল গোছানো বাকি থাকলেও এরই মধ্যে অধিনায়ক মনোনীত করে ফেলেছে ব্রাদার্স। প্রথম পেশাদার ফুটবলার হিসেবে অধিনায়ক মাসুদ রানার নাম নিবন্ধনের মাধ্যমেই শুরু হয়েছে গোপীবাগের এই ক্লাবের পেশাদার ফুটবলে পদার্পন। জাতীয় দলের এই সাবেক খেলোয়াড়ের সঙ্গে বৃহস্পতিবার বাফুফেতে নাম নিবন্ধন করে গেছেন মোহামেডান ছেড়ে আসা ফয়সাল মাহমুদ। এই তরুণ মিডফিল্ডার মোহামেডানকে কথা দিয়েছেন, কাগজে স্বাক্ষর করেছেন, এমন দাবি উঠলেও তার জবাব, “আমি স্বাক্ষর করেছি ঠিক, কিন্তু, সেটা পেশাদার লিগের চুক্তি নয়। আর মোহামেডানের কাছ থেকে কোনো টাকাও নিই নি।” যত বিতর্ক-ই থাক, পেশাদার লিগের নিয়মানুযায়ী ফয়সাল গতকাল থেকে ব্রাদার্সের। কারণ, ক্লাবের সঙ্গে কোনো খেলোয়াড়েরর অঙ্গীকার---নামা ও বাফুফে নিবন্ধন ফরম যে দল আগে বাফুফের কাছে জমা দেবে ওই খেলোয়াড় তাদেরই হবে।
সংবাদ সম্মেলনে ব্রাদার্সের চিরাচরিত কমলা রঙের জার্সি উঁচিয়ে নিজেকে নতুনভাবে বিজ্ঞাপিত করেছেন ফয়সাল। কিন্তু গতকাল পর্যন্তও ওই জার্সিতে কোনো স্পন্সরের নাম বসানোর সুযোগ হয়নি তাদের। অর্থাৎ স্পন্সররা এগিয়ে আসছে না। বাংলাদেশের ফুটবলের পেশাদারিত্বের কথা কি তাহলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বিশ্বাস করতে পারছে না ?
