২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে মোহামেডানের প্রথম হার

মোহামেডানকে বিধ্বস্ত করে ডানা মেলে উড়ছে বিমান। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাত্র ১৫৫ রান করেও ৬১ রানের বিশাল জয় পেয়েছে তারা। জাতীয় ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁও ক্রিকেটার্স ৭ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। আর বিকেএসপিতে বৃথা গেছে ফাহাদ উল্লাহ’র সেঞ্চুরি, ২৭০ রান করেও তার দল ব্রাদার্স ৩ উইকেটে হেরেছে ভিক্টোরিয়ার কাছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 10:25 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে বিমান। মাত্র ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে যখন পথ হারিয়ে ফেলার উপক্রম তখনই জাতীয় দলের সাবেক ব্যটসম্যান মুশফিকুর রহমানের চওড়া ব্যাটে ভর করে এগিয়ে যায় তারা। তার ৬৪ বলে ৪০ রানের ইনিংসটিই ১৫৫ রানে নিয়ে যায় বিমানকে। বাকিদের কেউ-ই ২০ রানও করতে পারেননি।দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে অতিরিক্ত খাত থেকে। মোহামেডানের সাকিব আল হাসান, মঞ্জুরুল ইসলাম, আরাফাত সানি ও আফতাব আহমেদ নিয়েছেন দুটো করে উইকেট।

১৫৬ রানের টার্গেট দৃশ্যত খুব সহজই মনে হয়েছিল মোহামেডানের কাছে। কিন্তু ব্যাটিংয়ে নেমে ৩৩ রানেই হারিয়ে বসে  ৫ উইকেট। এই ৫ উইকেটের মধ্যেই আছে জাতীয় দলের আফতাব (৫) ও হাবিবুল বাশারের (৪) ব্যর্থতাও। তারপরও আশা জেগেছিল বল হাতে সফল সাকিব আল হাসান যখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছিলেন। কিন্তু ১০৫ বল খেলে ৫৩ রান করে তিনি একপ্রান্তে দাঁড়িয়ে রইলেন অথচ অন্যপ্রান্তে কেউ নেই! পার্থক্যটা এখানেই। মুশফিকের ৪০ রানের সঙ্গে পাচঁজন দুই অংকের ঘরে পৌঁছালেও মোহামেডানের সাকিব ছাড়া দুই অংকের ঘর ছুঁয়েছেন মাত্র একজন----- সগির (১০)। তাই ৪০. ৫ ওভারে ৯৪ রানেই শেষ হয়ে যায় মোহামেডানের ইনিংস। ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিমানের বাঁহাতি স্পিনার মোশারফ হোসেন।

নারায়নগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সিটি ক্লাব প্রথমে ব্যট করে ৪৯.৪ ওভারে ২১৩ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে। তাতে উল্লেখযোগ্য অবদান গাজী সালাউদ্দিনের (৫৫)। এই ওপেনারের ৮৭ বলে হাফ সেঞ্চুরির ইনিংসে আছে ৪ টি ছক্কা ও ২ টি চার। জাতীয় দলের ওপেনার ও সিটি ক্লাবের অধিনায়ক শাহরিয়ার নাফিস ও সনেট করেছেন ২৮ রান করে। সোনারগাঁও ক্রিকেটার্সের পেসার মোহাম্মদ শরীফ ও স্পিনার অলক কাপালি নিয়েছেন ৩ টি করে উইকেট।

২১৪ রানের টার্গেট ছুঁতে মোটেও বেগ পেতে হয়নি সোনারগাঁও ক্রিকেটার্সকে। বাংলাদেশ দলের সাবেক দুই ওপেনার মেহরাব হোসেন  ও আল শাহরিয়ারের (৬৪) ইনিংস দুটোই মূলত তাদের জয়ের পথ সুগম করে দেয়। মেহরাব ১৩৯ বল খেলে ১০ টি চারের সাহায্যে ৯৩ রান করে সিরাজ উল্লাহর শিকারে পরিণত হন। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস হলো তার। মেহরাব ও শাহরিয়ারের পর অলক কাপালির (৩৪) উইকেটটি খরচ করেই ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত করে ফেলে সোনারগাঁও ক্রিকেটার্স।

বিকেএসপিতে হয়েছে বড় স্কোরের ম্যাচ। টসে হেরে ব্রার্দাস প্রথমে ব্যাট করতে নেমে শুরুর দিকে একটু সমস্যায় পড়লেও ফাহাদ উল্লাহ ও আনিসুর রহমানের ঝড়ো ব্যাটিংয়ের সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন ভিক্টোরিয়ার বোলাররা। পাকিস্তানী ফাহাদ উল্লাহর ৮৮ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ৮ টি চার ও ৪ টি ছক্কা। আর আনিসুর রহমান ৭১ বলে ৮০ রান তোলার পথে মেরেছেন ৬ টি চার ও ৩ টি ছক্কা।

ব্রাদার্স ৫০ ওভারে ৪ উইকেটে ২৭০ রান তুললেও প্রিমিয়ার লিগের তৃতীয় হার এড়াতে তা যথেষ্ট ছিল না। ম্যাচের ৩ বল বাকি থাকতেই ২৭১ রান করে জয় পেয়ে যায় ভিক্টোরিয়া। ওপেনার নাসিরুদ্দিন ফারুক ১১৪ বলে ৯৪ রান করেছেন ১১ টি বাউন্ডারির সাহায্যে। অন্য ওপেনার ইমরুল কায়েস(৪১), জাফর কোরেশী (৩৯) ওয়াসেল উদ্দিন (২৬) ও মুশফিকুর রহিমও (২৫*) ভূমিকা রেখেছেন প্রিমিয়ারে ভিক্টোরিয়ার দ্বিতীয় জয়ে।