ফ্লিনটফই অধিনায়ক
আগে -- ভাগেই অনিশ্চয়তাটা দূর করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। ত্রিদেশীয় সিরিজে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আবার দেখা যাবে অ্যান্ড্রু ফ্লিনটফকে। বুধবার অফিসিয়াল ওয়েবসাইটে এ সিদ্ধান্ত জানিয়েছে ইসিবি।
মাইকেল ভন ইনজুরিতে পড়ায় অ্যান্ড্রু ফ্লিনটফ আর অ্যান্ড্রু স্ট্রাউসকে অধিনায়ক হিসেবে বিবেচনায় নিয়েছিল ইসিবি। অ্যাশেজে ০ --- ৫ ---এ হোয়াইটওয়াশ হওয়ার পর ফ্লিনটফকে সরিয়ে ত্রি -- দেশীয় সিরিজে ভনকে ফিরিয়ে দেওয়া হয় অধিনায়কত্ব। তখন খোদ ইংলিশ কোচ ডানকান ফ্লেচারই বলেছিলেন, অধিনায়কত্ব ফ্লিনটফের জন্য বোঝা। সে বোঝা নামানোর পরই ফর্মে ফিরেছেন ‘এ যুগের ইয়ান বোথাম’ ফ্লিনটফ। অথচ ভন ইনজুরিতে পড়ায় আবার দায়িত্ব দিতে হলো তাকে। ইসিবি জানিয়েছে, শুক্রবারের ম্যাচে ভনের জায়গায় ব্যাট করতে পারেন কেভিন পিটারসেনের পরিবর্তে সুযোগ পাওয়া রবি বোপারা।
