ভন আর বন্ড আবার সেই তিমিরে
প্রায় এক বছর পর দলে ফিরেছেন। ফিরতে না ফিরতেই মাইকেল ভন আবার ইনজুরির কবলে। ইংল্যান্ড আবার দুশ্চিন্তায়। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভনকে পাওয়া যাচ্ছে না তা তো নিশ্চিতই, ভাবতে হচেছ এ সফরে তাকে আর খেলানো যাবে কিনা তা নিয়েও।
ওদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পরের ম্যাচেই পিঠের ইনজুরিতে পড়েছেন শেন বন্ড। নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলারের সঙ্গেও ইনজুরির খুব ঘনিষ্ট সম্পর্ক। পিঠের ইনজুরিটা ফিরে আসায় নিউজিল্যান্ডেরও দুশ্চিন্তা --- ইনজুরিটা দীর্ঘস্থায়ী হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দেবেনা তো বন্ডকে!
দুটোই সম্ভব। মাইকেল ভন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পরার মাশুল গুনে বাধ্য হতেই পারেন দেশে ফিরতে। সে কথা ভেবে দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে ল্যাঙ্কাশায়ারের ব্যাটসম্যান ম্যাল লয়কে। আপাতত মাইকেল ভনকে দলের সঙ্গে রাখা হলেও ৪৮ ঘন্টা পর্যবেক্ষনের পর তার ব্যাপারে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সে ক্ষেত্রে শুক্রবারের ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডে ফিরেও যেতে হতে পারে ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। তার অনুপস্থিতিতে কে অধিনায়কত্ব করবেন তা এখনো চূড়ান্ত নয়। অ্যান্ড্রু ফ্লিনটফ আর অ্যান্ড্রু স্ট্রাউস আছেন বিবেচনায়। ক’দিন আগে কোচ ডানকান ফ্লেচার প্রকাশ্যেই বলেছেন, অধিনায়কত্ব নাকি বোঝা হয়ে চেপেছিল ফ্লিনটফের ঘাড়ে। ফর্ম ফিরে পাওয়া এই অল রাউন্ডারের ঘাড়ে নির্বাচকরা সে বোঝা আবার চাপান কিনা , নাকি স্ট্রাউস পেয়ে যান পরম আরাধ্য সুযোগ --- তা দেখার জন্য একটু অপেক্ষায় থাকতেই হচ্ছে।
নিউজিল্যান্ডের জন্য চলতি সিরিজে শেন বন্ডের বিকল্প কে হবেন তার চেয়েও বড় ভাবনা , তাকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা। পিঠের ইনজুরির মাত্রা বোঝার জন্য স্ক্যান করানো হচ্ছে। তবে নিউজিল্যান্ড কোচ জন ব্রেসওয়েল মনে করেন ইনজুরি খুব মারাত্মক নয়, স্রেফ চিন্তামুক্ত থাকার জন্যই স্ক্যান করানো হচ্ছে, “অতীতেও ও (বন্ড) পিঠের ইনজুরিতে পড়েছে। তাই আমাদের জন্য এটা অবশ্যই দুশ্চিন্তার। তা ছাড়া শেনও জানে না সমস্যাটা কতটুকু। তা বোঝার জন্যই ....।”
