এগিয়ে চলেছেন শীর্ষ বাছাইরা
পায়ের নীচে আগুন, মাথার ওপরেও আগুন! এতটাই গরম এখন মেলবোর্নে। শুধু খেলা নয়, জান বাঁচানোও কঠিন ওখানে। মারিয়া শারাপোভা, রজার ফেদেরারের মতো খেলোয়াড়রা এ বিষয়ে একমত। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের সঙ্গে যোগ দিয়েছে প্রকৃতিকে জয় করার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হয়ে এ পর্যন্ত সব তারকা খেলোয়াড়ই এগিয়ে চলেছেন। বুধবারও শীর্ষ তারকাদের কারো বিদায় নিতে হয়নি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকে।
মেয়েদের সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডে কাল দ্বিতীয় বাছাই অ্যামেলি মরেসমো ৬ ---২, ৬ --- ২ গেমে হারিয়েছেন রাশিয়ার ওলগা পোচকোভাকে। তবে পোচকোভা হারলেও প্রথম সারির রুশ মেয়েদের সবাই জিতেছেন। তৃতীয় বাছাই সভেৎলানা কুজনেৎসোভা আরো সহজে হারিয়েছেন (৬ --- ২, ৬ --- ১) অস্ট্রেলিয়ার মনিক অ্যাডামজাককে। পঞ্চম বাছাই নাদিয়া পেত্রোভা, সপ্তম বাছাই এলেনা দেমেন্তিয়েভা ও নবম বাছাই দিনারা সাফিনাও প্রথম রাউন্ড পেরিয়ে রুশ মেয়েদের দিন করে রেখেছেন বুধবারকে। রাশিয়ার খেলোয়াড়দের হুমকি হয়ে সুইজারল্যান্ডের অষ্টম বাছাই প্যাটি স্নাইডার আর মেয়েদের সাবেক বিশ্বসেরা সেরেনা উইলিয়ামসও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে।
তবে পুরুষদের সিঙ্গেলসে রুশ প্রতিনিধিত্ব পড়েছিল হুমকির মুখে। হেরে যেতে বসেছিলেন দিনারা সাফিনার বড় ভাই মারাত সাফিন। ইসরায়েলের দুদি সেলা তার কাছে হার মেনেছেন একেবারে শেষ সেটে গিয়ে (৬ -- ৩, ৫ --- ৭, ৪ --- ৬, ৭ --- ৬ (৪), ৬ --- ০)। দুই আমেরিকান অ্যান্ডি রডিক ও মার্ডি ফিশও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। তবে একটা ম্যাচ, একজন পারফর্মারের কাছে বুধবারের সব ম্যাচ, সব খেলোয়াড়কেই মনে হয়েছে ম্লান। শীর্ষ বাছাই রজার ফেদেরার তার নয়নাভিরাম নৈপুন্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন এ আসর থেকে দশম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নিতে পুরোপুরি প্রস্তুত তিনি। বুধবার তার শিল্পময়তার কাছে ৬ --- ২,৬ --- ৩, ৬ --- ২ গেমে হেরে গেছেন সুইডেনের ডাবলস স্পেশালিস্ট য়োনাস বিয়র্কম্যান।
