আবাহনীর সহজ জয়, নাভিশ্বাস উঠলো ডিওএইচএসের
ক্রিকেট খেলাটা সম্পর্কে আসলে দুটো কথা খুব প্রচলিত। বলা হয়, এটা দলীয় খেলা। কিন্তু কখনো আবার দলীয় খেলার মোড়কে ব্যক্তিগত ঝলককেই এর শেষ কথা বলে মানা হয়। কথাটা মানাও যায় না অনেক সময়। যখন খুব বড় নয় কিন্তু ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ অনেক ইনিংসের সমষ্টিতে কোনো দল রান পাহাড়ে চড়ে যায়। উদাহরণ মঙ্গলবার কাই --- অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লীগের আবাহনী। ইয়াং পেগাসাসের বিপক্ষে ২৭৫ রান তুলে ফেলার পর তারা প্রত্যাশিত সহজ জয়ই পেয়েছে। ব্যবধান ৭১ রানের।
কিন্তু পাল্টা যুক্তি হয়ে আবার শেষ কথাটা মেনে নেওয়ার উপকরন জুগিয়েছে ওল্ড ডিওএইচএসের সঙ্গে নীচের সারির দল ইন্দিরা রোডের ম্যাচ। নিয়মিত অধিনায়ক আকরাম খানের অনুপস্থিতিতে ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে নাভিশ্বাসই উঠে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের। সেখান থেকে ‘স্টপগ্যাপ’ অধিনায়ক খালেদ মাহমুদের ব্যাটিং ঝলকেই তো ২০৯ রান তুলে মান বাঁচায় ডিওএইচএস। তবুও হেরে মান হারানোর ভয় জেগেছিল। এখানে আবার বাঁ -- হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের স্পিন ভেল্কি। দুয়ে মিলে মাত্র ১০ রানের জয় তাদের।
দলীয় খেলার মোড়কে ব্যক্তিগত ঝলক প্রসঙ্গ শেষ হয়নি এখনো। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেই ব্যাটে --- বলে তা সমানতালে দেখিয়েছেন ইন্দিরা রোডের মোহাম্মদ রাসেল। ২১ রানে তিন উইকেট নেয়ার চেয়েও বড় ভূমিকা তার ডিওএইচএসকে ৪৩ রানে ৫ উইকেট হারানো দল বানানোয়। এর মধ্যে তিনটি শিকারই যে তার! ওই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার কাজটা করেছে মাহমুদের অপরাজিত ৮২ রানের ইনিংস। ৭ বাউন্ডারি দিয়ে সাজানো ‘ক্যাপ্টেন্স নক’ খেলার পথে রাজ্জাককে (৩১) সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৯ রানের পর যোগ হয়েছে অষ্টম উইকেটের ৬৮ রানও। সেখানে সঙ্গী পেসার ডলার মাহমুদ (২৪)।
২০৯ রান তাড়া করতে নামা ইন্দিরা রোড ওই রাসেলের ৭৫ রানে ভর করে ৪০ ওভারে ৭ উইকেটে পৌঁছে যায় ১৭৩ রানে। ৪৮ ওভারের ম্যাচে জেতার জন্য ৪৮ বলে ৩৭ রানের সমীকরণ কঠিন ছিল না মোটেও। কিন্তু দুই বাঁ -- হাতি স্পিনার রাজ্জাক (৪/২৩) ও মেহরাব জুনিয়র (১/৩৬) মিলে ১৯৯ রানে মুড়ে দেন ইন্দিরাকে। বলা হয়নি, দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কারটা একরকম নিশ্চিত করে ফেলা মাহমুদ বোলিংয়েও ৪৫ রানে নিয়েছেন ২ উইকেট।
আগেই বলা আবাহনীর কার্যকর ইনিংস অনেক। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক খালেদ মাসুদ তো বটেই, বাঁ -- হাতি স্পিনার মাঞ্জারুল ইসলাম এবং ওপেনার নাজমুস সাদাতও খেলতে পারছেন না তাদের হয়ে। কিন্তু মাঠে তার প্রভাব নেই। জহুরুল (৪৯), নাজিমউদ্দিন (৩৮), অধিনায়ক তুষার ইমরান (৫৬), নাঈম ইসলাম (৪০*) এবং মাশরাফির (৪৪) ইনিংসগুলোই আবাহনীকে পৌঁছে দিয়েছিল বড় সংগ্রহে। ২৭৫ রান তাড়া করতে নামা পেগাসাস কখনোই জিততে পারবে বলে মনে হয়নি। তবুও এই ম্যাচের আকর্ষন জিইয়ে রেখেছিলেন মাশরাফিকে টানা চারটি বাউন্ডারি মারা এবং তার বলেই বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছানো ওপেনার রবিউল করিম সেন্টু। এক ডজন চারে ১০৪ রান করে ম্যাচের সেরাও হয়েছেন তিনিই। ব্যক্তিগত ঝলক তো এখানেও!
সংক্ষিপ্ত স্কোর
বিকেএসপি
ওল্ড ডিওএইচএস : ৪৮ ওভারে ২০৯/৯ ( তামিম ৪, মেহরাব জুনিয়র ২, হাশান্তা ১৮, এহসানুল ৬, নাদীফ ৬, মাহমুদ অপরাজিত ৮২, শাহীন ৬, রাজ্জাক ৩১, ডলার ২৫, নাজমুল ১৪, অতিরিক্ত ১৫, রাসেল ৩/২১, আরিফুল ২/৩৪, হাসান ১/২২, তুষার ২/২১)
ইন্দিরা রোড : ৪৬.২ ওভারে ১৯৯/১০ ( রাসেল ৭৫, সুমন ২৬, মনিরুজ্জামান ২৮, শফিউল ১৯, নাজমুল ১/১৬, ডলার ১/৩৩, রাজ্জাক ৪/২৩, নাবিল ১/৩৭, মাহমুদ ২/৪৫, মেহরাব জুনিয়র ১/৩৬)
ফল : ডিওএইচএস ১০ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : খালেদ মাহমুদ (ওল্ড ডিওএইচএস)
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম
আবাহনী : ৫০ ওভারে ২৭৫/৯ ( জহুরুল ৪৯, নাজিমউদ্দিন ৩৮, তুষার ৫৬, নাঈম অপরাজিত ৪০, মাশরাফি ৪৪, জিয়াউর ১৭, শরীফুল্লাহ ৩/৩৬ )
ইয়াং পেগাসাস : ৫০ ওভারে ২০৪/৬ ( রবিউল ১০৪, সাঈফ অপরাজিত ৬২, জিয়াউর ২/১৯, শাহজাদা ৩/৩১, সোহরাওয়ার্দী ১/৩৭)
ফল : আবাহনী ৭১ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : রবিউল করিম ( ইয়াং পেগাসাস )
নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম
পারটেক্স : ৫০ ওভারে ২০০/৯ ( রফিকুল ৬৩, নিয়ামুর ৪৪, আরাফাত ৩/২৩, মাহমুদুজ্জামান ২/৩৪)
কলাবাগান : ৩৯.৩ ওভারে ২০১/৪ ( নাহিদুল ৬৮, শাহবাজ অপরাজিত ৯১, রেজাউল ২/২৯)
ফল : কলাবাগান ৬ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : শাহবাজ বাট ( কলাবাগান)
