দেশে ফুটবল কোচদের সংগঠনের জন্ম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন গঠনতন্ত্র একটি প্ল্যাটফর্মের ওপর দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে দেশের ফুটবল কোচদের।
এই সুযোগ নিয়ে ফুটবল কোচদের একটি সংগঠন হয়েছে। অবশ্য বাংলাদেশে ফুটবল কোচিংয়ের মান এখনো বলার মতো কিছু নয়, এটা দাঁড়ায়নি পেশা হিসেবেও। তাই কোচরাও আগে কখনো এরকম কোনো সংগঠন করার কথা ভাবেননি। বাফুফের নতুন গঠনতন্ত্রে একজন ফুটবল কোচকে কাউন্সিলর করার সুযোগ রয়েছে, অর্থাৎ ভোটাধিকার দেওয়া হয়েছে। আর সেই ব্যাক্তিটিকে মনোনীত করার জন্যই এই কোচেস অ্যাসোসিয়েশনের জন্ম। গত সোমবার সভা করেই তারা ২১ সদস্যের একটি প্রাথমিক কমিটি তৈরি করেছেন। যার সভাপতি কায়কোবাদ ও সধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এই কমিটি কিছুদিনের মধ্যেই সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করবে।
