২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ফ্লিনটফের হাত ধরে জয়ের দেখা পেল ইংল্যান্ড

মার্ক গিলেস্পির ফুলটস ঠিকভাবে খেলতে পারলেন না। ফলে মিড -- অফে রস টেলরের হাতে ক্যাচ। কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেটাররা উল্লাসে মাতবেন কি, উল্টো হতাশায় ডুবলেন আম্পায়ারকে ‘নো --- বল ’ ঘোষণা করতে দেখে। বেঁচে গেলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। বেঁচে গেল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০৫ রানের নিরীহ স্কোরটাকেও বড় কষ্টে মাত্র এক বল বাকি থাকতে পেরিয়ে ৩ উইকেটে জিতে গেল তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

‘মাত্র’ ৩ উইকেটের হলেও এ জয় ইংল্যান্ডের জন্য পরম পাওয়া। অ্যাশেজ সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের যে লেজে --- গোবড়ে অবস্থা দেখা গেছে তাতে একটা জয় না পেলে যে মনোবল বাড়ানোর উপলক্ষও আসে না।

মনোবল বাড়ানো জয়টা নিউজিল্যান্ডও পেতে পারতো।  টসে জিতে আগে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধে করতে পারেননি তাদের ব্যাটসম্যানরা। টানা দ্বিতীয় ম্যাচ হারার এটা একটা বড় কারণ। নইলে ২৬ রানে প্রথম উইকেট পড়ার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা, কোনো জুটিতে ৫০ রানও না পাওয়া, নাথান অ্যাস্টল (৪৫) ছাড়া  কোনো  ব্যাটসম্যানের ৩০ রানও করতে না পারা --- এত না পারার পরও নিউজিল্যান্ড যে দুশ’ পেরোতে পেরেছে এই তো বেশি! জেমস অ্যান্ডারসন নতুন বলে ৩ টি এবং ইনিংসের শেষ বলে ১টি মিলিয়ে মোট ৪ উইকেট (৪/৪২) নিয়ে জীবন বড় অতীষ্ঠ করে তুলেছিলেন ব্যাটসম্যানদের। ৩৭ রানে ২ উইকেট নেওয়া ফ্লিনটফও অবশ্য খুব একটা স্বস্তি দেননি তাদের।

পরে ব্যাট হাতেও নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ফ্লিনটফ। অধিনায়কত্ব যেন তার পিঠে বোঝা হয়ে চেপেছিল! ওই বোঝা মাইকেল ভনের কাছে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত এবারের অস্ট্রেলিয়া সফরে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার কী এমন করতে পেরেছেন, বলুন! তবে মঙ্গলবার আগের ম্যাচের চেয়েও সাবলীল ছিল তার ব্যাটিং। সে কারণেই ৯৮ রানে ৪ উইকেট হারানোর পরও জয় পেয়েছে ইংল্যান্ড।  ৪৯তম ওভারে ড্যালরিম্পল আউট হয়ে গেলে  জয় কঠিন হয়ে উঠেছিল। কিন্তু দু ওভার আগে নো --- বলে আউট হওয়া ফ্লিনটফ ম্যাচ শেষ করে দেন এক বল হাতে রেখেই। ৭ টি চারে সাজানো ৭৫ বলে ৭২ রানের ইনিংসটির জন্য তিনিই হয়েছেন ম্যান অব দি ম্যাচ।