২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেন শুরু ফেবারিটদের জয় আর মারামারি দিয়ে!

গ্যালারিতে মারামারি! এমনটি এই প্রথম হলো অস্ট্রেলিয়ান ওপেনে। সোমবার মেলবোর্নে শুরু হয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম। তবে ক্রোয়াট আর সার্ব দর্শকদের মারামারির জন্য শুরুটা মনে রাখতে হবে নেতিবাচক কারণে। অবশ্য অনাকাঙ্খিত এ ঘটনার পরও জমজমাট টুর্নামেন্টের আশ্বাস ঠিকই পাওয়া গেছে প্রথম দিনের পারফরম্যান্সে। রজার ফেদেরার, অ্যামেলি মরেসমো, সেরেনা উইলিয়ামস, অ্যান্ডি রডিক, মারাত সাফিন ও টমাস য়োহানসনসহ সব ফেবারিটই জয় দিয়ে শুরু করেছেন টুর্নামেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

দর্শকদের মারামারির ঘটনাটা অবশ্য খুব উল্লেখযোগ্য ম্যাচের নয়। ক্রোয়েশিয়ার মারিও আনসিচ াআর জাপানের গো  স্নোয়েডা --র ম্যাচ চলার সময়  গ্যালারিতে উপস্থিত ক্রোয়েশিয়া আর সার্বিয়ার দর্শকরা গালমন্দ করতে থাকেন পরস্পরকে। গালমন্দ থেকে শুরু হয়ে যায় মারামারি। পুলিশ আসে। হাঙ্গামায় জড়ানো দেড়শ’ দর্শককে বের করে দেওয়া হয় গ্যালারি থেকে। ভিক্টোরিয়া পুলিশের মুখপাত্র ক্যাথেরিন জেস জানিয়েছেন বের করে দেওয়া দর্শকদের অধিকাংশই সার্ব, কেননা তারাই  উত্যক্ত করছিল ক্রোয়াটদের।

প্রথম দিনে ক্রোয়াট ইভান লুবিসিচের পরাজয়ই সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। চতুর্থ বাছাই লুবিসিচকে ৪ --- ৬, ৭ ---- ৬, ৬ --- ৪, ৬ --- ৪ গেমে হারিয়েছেন মার্ডি ফিশ।

অন্য ম্যাচগুলোতে পুরুষদের বিশ্বসেরা রজার ফেদারার ৭ --- ৫, ৬ --- ০, ৬ --- ৪ গেমে হারিয়েছেন বিয়র্ন ফাউকে। পুরুষদের অন্য ফেবারিটরা সহজ জয় পেলেও ঘাম ঝরিয়ে লজ্জা এড়াতে হয়েছে অ্যান্ডি রডিককে। বিশ্বের ২১২ নাম্বার খেলোয়াড়  জো উইলফ্রেইড সোঙ্গার কাছে প্রথম সেট হেরে বসেছিলেন তিনি। শেষ পর্যন্ত  ৬ --- ৭, ৭ --- ৬, ৬ ---৩, ৬ --- ৩ গেমে ম্যাচ জিতে হাঁফ ছেড়ে বেঁচেছেন।

ওদিকে মেয়েদের এককে গতবারের চ্যাম্পিয়ন মরেসমো ৬ --- ৩, ৬ --- ৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের শেনাই পেরিকে। দীর্ঘদিন পর কোর্টে ফিরে সেরেনা উইলিয়ামসও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সহজ জয় দিয়ে। এর বাইরে ছয় রুশ এলেনা দেমেনতিয়েভা, সভেৎলানা কুজনেতসোভা, নাদিয়া পেত্রোভা, মারিয়া কিরিলেনকো, এলেনা ভাসনিনা ও ওলগা পোচকোভাও পেরিয়েছেন প্রথম রাউন্ডের বাধা।