প্রিমিয়ার লিগে ফেবারিটরাই জিতেছে
প্রিমিয়ার ক্রিকেটে রোব বার ফেবারিটরাই জিতেছে। পাকিস্তানী ইমরান আব্বাসের অপরাজিত ফিফটির সুবাদে ভিক্টোরিয়াকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। বাংলাদেশ বিমান ৫৩ রানের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তবে মোহামেডানের জয়টা ছিল খুব কষ্টের। তারা মাত্র ২ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে।
বিকেএসপিতে টসে জিতে আগে ব্যাট করে ভিক্টোরিয়া। শুরু থেকেই ব্যাটসম্যানদের ওপর চড়াও হন আবাহনীর বোলাররা। পরিনামে ৭৯ রানে ৫ উইকেট শেষ। উইকেটগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা (২/৩৫) আর শাহাদাত হোসেন (৩/২০)। কিন্তু তারপর ওয়াসেল উদ্দীনকে (৩৯) সঙ্গে নিয়ে পাকিস্তানের জাফর কোরেশি দলকে নিয়ে যান ১৪৭ রানে। সেই স্কোরে ওয়াসেল আউট হলেও মনে হচ্ছিল দু’শ পেরোতে পারবে ভিক্টোরিয়া। ৪.২ ওভারে মাত্র ১১ রান দিয়ে স্পিনার সোহরাওয়ার্দী শুভ ৪ উইকেট নিয়ে নিলে সেটা আর সম্ভব হয়নি। শুভর প্রথম শিকার জাফর কোরেশি। তবে আউট হওয়ার আগে ৬১ বলে ৫৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন জাফর। সুবাদে ১৮৮ রানে পৌঁছেছিল ভিক্টোরিয়া।
জবাবে উদ্বোধনী জুটিতেই ৬৬ রান তুলে নেয় আবাহনী। ওপেনার জহুরুল ইসলাম করেন ৪৬ বলে ৪৫ ও নাজমুস সাদাত ৩৫ বলে ৩৬ রান। পরে ইমরান আব্বাসের অপরাজিত ৫৭ রান ৪৩.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় আবাহনীকে (১৮৯/৫)। ম্যান অব দি ম্যাচ হয়েছেন সোহরাওয়ার্দী শুভ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একটু সিরিয়াস হলে হয়তো জিতেই যেতো সিটি ক্লাব। শাহরিয়ার নাফীসের নেতৃত্বে দলটি মাত্র ১৭৩ রানের টার্গেট দিয়েও তারকাখচিত প্রতিপক্ষকে যেভাবে বেকায়দায় ফেলেছিল তাতে তারা জয় পেলে অবাক হওয়ার কিছু থাকতো না। কিন্তু আশা জাগালেও জিততে পারেনি সিটি ক্লাব। ৫০ তম ওভারের দ্বিতীয় বলে খাদেম নিপুকে আরাফাত সানি ছক্কা মেরে শেষ করে দেন ম্যাচ। মোহামেডান জিতে যায় ২ উইকেটে।
হাবিবুল বাশার (৩০), আফতাব আহমেদ (১১), সাকিব আল হাসান (১৩), জুনায়েদ সিদ্দিক (২৩), ইমতিয়াজ হোসেন (৭) ও ভারতের রাহাত এলাহিকে (১) হারানোয় এক পর্যায়ে মোহামেডানের স্কোর ছিল ৬ উইকেটে ১২৬। সপ্তম উইকেট জুটিতে সগীর হোসেন পাভেল (৩২) আর তাপস বৈশ্য (২৩) ৩৪ রান না করলে জয়ের ব্যাপারে কম আগ্রহী মনে হওয়া সিটি ক্লাব হারতে পারত কিনা সন্দেহ!
৩৮ রানে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ভালো করায় এ ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তাপস বৈশ্য।
ওদিকে নারায়ন গঞ্জের ওসমানী স্টেডিয়ামে ব্রাদার্সকে ৫৩ রানে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ বিমান। রকিবুলের ৮৭ আর জহুর এলাহীর ৮৪ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ রানের বেশ ভালো একটা স্কোর দাঁড় করিয়েছিল তারা। জবাবে ওপেনার হান্নান সরকার (৫১) আর ইমরান আহমেদের (৭২) ফিফটির পরও ব্রাদার্স ৫০ ওভারে ৯ উইকেটে ২১৪ রানের বেশি করতে পারেনি।
