অস্ট্রেলিয়ার দাপটের কাছে ম্লান শেন বন্ডের হ্যাটট্রিক
ম্যান অব দি ম্যাচ পুরস্কার নেওয়ার সময় অ্যান্ড্রু সাইমন্ডস বলছিলেন, “আমাদের আরো উন্নতি করার জায়গা আছে।” বড় নিষ্ঠুর শোনালো কথাগুলো। অস্ট্রেলিয়া পূর্বানুমানকে ঠিক প্রমান করে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও পেয়েছে সহজ জয়। নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা ১০৫ রানে। অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ২৮৯ রান টপকাতে গিয়ে ৩৮.৩ ওভারেই নিউজিল্যান্ড ১৮৪ রানে অল আউট। শেন বন্ডের হ্যাটট্রিক, রস টেইলরের ৮২ রানের ইনিংস --- সব বৃথা! এমন জয়ের পর তো হৃদয়ের দু কুল ভেসে যাওয়ার কথা আনন্দে! আনন্দ যে অ্যান্ড্রু সাইমন্ডসের মনে দোলা দেয়নি তা নয়, তবে সে আনন্দের মাঝেও দেখা দিয়েছে অতৃপ্তি। অস্ট্রেলিয়ার নাকি আরো ভালো খেলা উচিত। ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলোকে আরো একতরফা করার ফন্দি (!)? কী নিষ্ঠুরতা!!
টসে জিতে ব্যাট করতে নামার পর থেকেই নিষ্ঠুরতার কিছু নমুনা দেখা যাচ্ছিল ওপেনার ম্যাথু হেইডেন আর অ্যাডাম গিলক্রিস্টের ব্যাটে। মাত্র ১৩.২ ওভারে ৮৩ রান তোলার পর মার্ক গিলেস্পির বলে আউট হয়ে যান হেইডেন (২৭)। তারপর ৫৮ বলে ৬১ রান করে গিলক্রিস্টও আউট হয়ে গেলে রানের চাকার গতি কমতে থাকে। ৪০.২ ওভার শেষে পন্টিং, হাসি আর ক্লার্ককে হারিয়ে ৫ উইকেটে তাদের স্কোর দাঁড়ায় ১৯৬ রান। সেখান থেকে স্কোর ২৫০ থেকে ২৬০ হওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু ৯ ওভারে ৯০ রান তুলে নেন অ্যান্ড্রু সাইমন্ডস (৭০ বলে ৬৯) আর ক্যামেরন হোয়াইট (৩৬ বলে ৪৫)। শেষ ওভারের দ্বিতীয় বলে হোয়াইট চতুর্থ ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে দেন ক্রেইগ ম্যাকমিলানকে। পরের বলটি সাইমন্ডসের ব্যাট ছুঁয়ে চলে যায় ব্রেন্ডন ম্যাককালামের হাতে। ওভারের চতুর্থ বলটি ছিল “স্লোয়ার”। বোল্ড হয়ে যান নাথান ব্র্যাকেন। শেন বন্ডের হ্যাটট্রিক! ওয়ানডে ইতিহাসের ২৩ তম এবং নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেও কিন্তু বিজয়ীর হাসি হাসতে পারেননি বন্ড (৪/৬১)।
পারবেন কীভাবে? নিউজিল্যান্ড শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ২৩ রানে! ৭ রানে ২ উইকেট হারানো দলকে রস এমারসন ১০ টি চার আর ৩ টি ছক্কায় সাজানো ৮২ বলে ৮৪ রানের ইনিংস খেলে জয়ের আশা করার মতো জায়গাতেই নিয়ে গিয়েছিলেন। ৩১ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ১৬১। পরের বলে ওই স্কোরেই মিশেল জনসন টেলরকে কটবিহাইন্ড করালে শুরু হয়ে যায় গণমিছিল। তারপর কেউই দু অঙ্কের স্কোর পাননি। নিউজিল্যান্ডের পুরো ইনিংসেই ওই কৃতিত্ব শুধু তিনজনের। টেলর (৮৪), স্টিফেন ফ্লেমিং (২৯) আর ফুলটন (৩৭)। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ক্লার্ক (২/৪০), অ্যান্ড্রু সাইমন্ডস (২/৪১) আর এ ম্যাচেই ওয়ানডে অভিষিক্ত হিলফেনহস (২/২৬)।
