প্রিমিয়ার ক্রিকেটে অঘটনের দিন
সেদিন তার ব্যাটে চড়েই এবারের প্রিমিয়ার ক্রিকেট লীগে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল কলাবাগান। পারটেক্সের বিপক্ষে সেদিন অল্পের জন্য কাই --- অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটের চতুর্থ সেঞ্চুরিয়ান হওয়া হয়নি তার। তবে ৯১ রান করে অপরাজিত ছিলেন কলাবাগানের পাকিস্তানি খেলোয়াড় শাহবাজ বাট।
শুক্রবার নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সেদিন সেঞ্চুরি না পাওয়ার অতৃপ্তি ঘুচিয়েছেন শাহবাজ। এবং একই সঙ্গে এবারের লীগের সবচেয়ে বড়ো অঘটনটিরও জন্ম দিয়েছেন। বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে তার দল।
অঘটন আছে আরো। বিকেএসপিতে সিটি ক্লাবকে একই ব্যবধানে (৪ উইকেটে) হারিয়ে প্রথম জয়ের আনন্দে অবগাহন করেছে প্রিমিয়ারে নবাগত পারটেক্স।
মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে আবাহনী অবশ্য ৬ উইকেটের জয় পেয়েছে ইন্দিরা রোডের বিপক্ষে।
প্রতিপক্ষের ২৩৯ রান তাড়া করতে নেমে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর কলাবাগানকে জয়ের পথ দেখিয়েছে ওপেনার মাহবুবুল করিমকে (৭২) নিয়ে শাহবাজের গড়া ১৭৪ রানের চতুর্থ উইকেট পার্টনারশিপ। তার ৯৩ বলে ১০২ রানের ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারির মার। ম্যাচের সেরা নি:সন্দেহে এই পাকিস্তানিই।
আর পারটেক্সের জয়ের নায়ক রেজাউল ইসলাম। মাত্র ২০ রানে ৪ উইকেট নিয়ে এই অফস্পিনারই সিটিকে ১৩৬ রানে গুটিয়ে দিতে রেখেছেন সবচেয়ে বড়ো ভূমিকা।
আবাহনীর জয়কে একেবারে সহজ বলা যাচ্ছে না কারণ ইন্দিরাকে ১৩১ রানে গুটিয়ে দেয়ার পর তা টপকাতে ৪৪ তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে ধানমন্ডির ক্লাবটিকে। নাজমুস সাদাতের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া ওপেনার কুন্তল চন্দ ৫৪ রানে অপরাজিত থেকে হয়েছেন ম্যান অফ দি ম্যাচ।
