২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ খেলা হচ্ছে না ড্যারেন গফের

পাঁজরের হাড় ভেঙ্গে যাওয়ায় প্রথম ম্যাচেই ত্রিদেশীয় সিরিজ শেষ হয়ে গেছে কেভিন পিটারসেনের। ত্রিদেশীয় সিরিজে যেন ছোট একটা হাহাকার শোনা যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 09:19 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

“এ শুধু ইংল্যান্ড দলের জন্য নয়, টুর্নামেন্টের জন্যও  বড় ক্ষতি ”--- মাইকেল ভনের নয়, কথাটা নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের। পিটারসেনের দেশে ফেরা ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য কত বড় ক্ষতি সে হিসেবে না গিয়ে যদি লাভ কার হলো সে হিসেবটা করতে চান তাহলে  উঠে আসবে রবি বোপারার নাম। এসেক্সের এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিচ্ছেন পিটারসেনের জায়গায়। এসেক্সের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্য সুখবর আছে আরো। বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেখানেও আছে তার নাম। তবে এই ৩০ জনের মধ্যে জায়গা হয়নি ড্যারেন গফের।

পেসার গফ আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন না ফিটনেস সমস্যার জন্য। বয়সের পাশাপাশি ফিটনেসও যদি বিপক্ষে দাাঁড়ায়, তখন আর কী করার থাকে! গফের মতোই আরেক সিনিয়র খেলোয়াড় অ্যাশলে জাইলসকে অবশ্য রাখা হয়েছে ৩০ জনের দলে। চলতি ত্রিদেশীয় সিরিজের ইংল্যান্ড দলে যারা আছেন তাদের সবাইকেই রাখা হয়েছে। ইনজুরিতে পরা কেভিন পিটারসেনও আছেন। এর বাইরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি এমন খেলোয়াড়ও আছেন চারজন। রবি বোপারা তাদেরই একজন।

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ৩০ জনের প্রাথমিক দল:

জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রড, গ্লেন চ্যাপেল, রিকি ক্লার্ক, পল কলিংউড, অ্যালস্টেয়ার কুক, জ্যামি ড্যালরিম্পল, অ্যান্ড্রু ফ্লিনটফ, অ্যাশলে জাইলস, ম্যাথু হগার্ড, এড জয়েস, জোন লুইস, আমজাদ খান, ম্যাল লয়ে, সাজিদ মাহমুদ, পল নিক্সন, গ্রাহাম অনিয়নস, মন্টি পানেসার, লিয়াম প্লাঙ্কেট, কেভিন পিটারসেন, ম্যাট প্রায়র, ক্রিস রিড, ওয়াইস শাহ, বিক্রম সোলাঙ্কি, অ্যান্ড্রু স্ট্রাউস, ক্রিস ট্রেমলেট, মাইকেল ভন, মাইকেল ইয়ার্ডি।