প্রিন্স - গিবসের এমন ব্যাটিংয়ের পরও বেশি এগোতে পারল না দক্ষিণ আফ্রিকা
মধ্যাহ্ন বিরতির একটু আগে স্কোর ৪ উইকেটে ৩৫৫। তখন কে বলবে প্রথম ইনিংসে পাঁচশ পেরিয়ে যাবে না দক্ষিণ আফ্রিকা? কিন্তু যেইনা অ্যাশওয়েল প্রিন্স আর হার্শেল গিবসের ২১৩ রানের জুটিটা ভাংলো অমনি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল সব। প্রিন্স সেঞ্চুরি (১৩৮) আর গিবস ৯৪ রান করে আউট হওয়ার পরও দক্ষিণ আফ্রিকা যে প্রথম ইনিংস ৪১৭ রানে শেষ করতে পেরেছে তাতেই হয়তো খুশি গ্রায়েম স্মিথ। শন পোলক অপরাজিত ৩৯ রান না করলে তো চারশ পেরিয়ে ১০৪ রানের লিডও পেতো না প্রোটিয়ারা।
মধ্যাহ্ন বিরতির ঠিক আগে প্রিন্সকে কামরান আকমলের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছিলেন দানিশ কানেরিয়া। তারপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে। দক্ষিণ আফ্রিকা শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৬১ রানে। গিবসের পর বাউচারকেও প্যাভিলিয়নে ফিরিয়ে প্রোটিয়াদের জোড়া আঘাতে কিছুটা কাবু করার কৃতিত্ব কানেরিয়ার। গিবস থাকলে তবু অন্তত দেড়শ রানের লিড আশা করা যেতো। কিন্তু এলবিডব্লিউর ফাঁদে ফেলে শুধু দক্ষিণ আফ্রিকার সে আশাই নয়, সঙ্গে গিবসের পঞ্চদশ সেঞ্চুরির আশাও শেষ করে দেন রানা নাভিদ। কানেরিয়া (৩/৯৭) আর রানা নাভিদ (২/৯২) তো একটু হলে মোহাম্মদ আসিফকে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার সুযোগ থেকেও দূরে রেখে দিতেন। দশম উইকেটে পোলকের সঙ্গে ২৬ রান তোলার পর এনটিনি ইউনিস খানকে ক্যাচ দেওয়ায় ক্যারিয়ারে তৃতীয় বারের মতো সেই সাফল্যের দেখা পান আসিফ (৫/৮৯)।
দ্বিতীয় ইনিংসের সূচনাটা ভালোই হয়েছে পাকিস্তানের। এ মুহুর্তে তাদের স্কোর কোনো উইকেট না হারিয়ে ৪১।
