২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম ইকবাল, অলক কাপালিদের জ্বলে ওঠা

আরেকটু হলে ডাবল সেঞ্চুরিই করে ফেলেছিলেন তামিম ইকবাল। ১৮৮ রানে সেই ঝড় থেমে যাওয়ায় অভাবনীয় কীর্তিটি হয়নি। সেই সুবাদে ওল্ড ডিওএইচএস ১৫০ রানে হারিয়েছে পারটেক্সকে। ওদিকে বিকেএসপিতে সোনারগাঁও ক্রিকেটার্সের অলক কাপালির অলরাউন্ড পারফরম্যান্সের কাছে ৩৫ রানে হেরে গেছে কলাবাগান ক্রীড়া চক্র। ধানমন্ডিতে প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে নবাগত ইয়ং পেগাসাস; তারা ৩ উইকেটে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে শনিবার সকালে তামিম ওল্ড ডিওএইচএসের ইনিংস ওপেন করতে নেমে ৫৭ রানের মাথায় পর পর দুই সঙ্গীকে হারিয়ে যখন শংকার মধ্যে পড়েন তখনই এহসানুল হককে পাশে পেয়ে যান। এবং দুজনে মিলে পারটেক্সের বোলারদের বেধড়ক পিটিয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৭৭ রান। দলকে ২৩৪ নিয়ে গিয়ে এহসানুল হক (৮১) আউট হয়ে গেলেও তামিম ইকবালের ব্যটিং --- তান্ডব চলতে থাকে। চার --- ছক্কাও মারেন পাল্লা দিয়ে, ১৩ টি চার ও ১২ ছক্কা মারার পর তার ১৫০ বলের বিধ্বংসী ইনিংসটি শেষ হয়। পরে ওল্ড ডিওএইচএস -- এর করা ৩৫০ রানের জবাব দিতে গিয়ে পারটেক্সের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০০ রানে।

বিকেএসপিতে গতবারের রানার্স আপ সোনারগাঁও ক্রিকেটার্স আগে ব্যাট করে ২৩০ রানের টার্গেট দাঁড় করাতে পারে। তাতে বড় ভূমিকা রেখেছেন জাতীয় দলের সাবেক ওপেনার আল শাহরিয়ার (৬৫) ও জাতীয় দল থেকে বাদ পড়া অলক কাপালি (৫৯)। পরে বল হাতেও ঝলসে ওঠেন অলক; ১৯ রানে ৪ উইকেট নিয়ে কলাবাগানকে ১৯৫ রানে আটকে দিয়ে ৩৫ রানের জয় নিশ্চিত করেন। নাহিদুল (৩২), আরাফাত সালাউদ্দিন (৩০) ও গোলাম রহমানদের (২৬) কেউ একজন একদিকে দাঁড়িয়ে থেকে ইনিংস লম্বা করতে পারলে হয়তো এই টার্গেট তাড়া করা যেতো।

ধানমন্ডিতে গোলাম মওলার অপরাজিত ৮৫ রান ও সফিউল আলমের (৫২) হাফ সেঞ্চুরিতে ইন্দিরা রোড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে করে ২৪২ রান। কিন্তু তা টপকে ৭ উইকেটে ২৪৫ রান করতে ইয়ং পেগাসাসের লেগেছে মাত্র ৪৫.৫ ওভার। ব্যাটিংয়ে উল্লেখযোগ্য অবদান রাইসুল ইসলাম (৫৪) ও লাল মোহনের (৩৭)। তবে সাইফ মাহমুদের ৭৯ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংসটিই শেষ পর্যন্ত ইয়াং পেগাসাসকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।