জরুরি অবস্থাকে বি.লিগের সহায়ক ভাবছেন বাফুফে - কর্তারা
জরুরি অবস্থা যেন সুন্দর বি. লিগ আয়োজনের পথ নিষ্কন্টক করে দিয়েছে !
জরুরি অবস্থা কারো কারো মনে শংকার জন্ম দিলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা আগামী ১৪ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাওয়া পেশাদার লিগের জন্য এটাকে ইতিবাচক ভাবছেন। বি. লিগের চেয়ারম্যান আব্দুর রহিম বলেছেন, “আগে খানিকটা দুশ্চিন্তা থাকলেও এখন আর নেই। জরুরি অবস্থা জারি হওয়ায় আর কোনো হরতাল কিংবা অন্য কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।”
দেশে এতদিন যে আন্দোলনের আবহ ছিল এবং অবরোধ---সমাবেশে দৈনন্দিন সূচী অনিশ্চিত হয়ে পড়ছিল তাতে বাফুফে---কর্তাদের মনে একটু শংকা জাগলেও হাতে এক মাস সময় থাকায় কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। জরুরি অবস্থা যেন তাদের একেবারেই শংকামুক্ত করে দিয়েছে।
তবে জরুরি অবস্থা মানে সংবিধান স্থগিত, মৌলিক অধিকারগুলোর ওপর একধরনের অঘাত এবং অনেক কর্মকান্ডের ওপর নিষেধাজ্ঞা। সেক্ষেত্রে এত বড় ফুটবল লিগ আয়োজনে কোনো বিধিনিষেধ কী থাকতে পারে ? এরশাদ আমলে উপমন্ত্রীর দায়িত্ব পালন করা আব্দুর রহিম বলেছেন, “সেটা আমার জানা নেই। আমি জানি রাজনৈতিক কর্মকান্ডের ওপর নিষেধাজ্ঞা থাকে, মিছিল --- মিটিং করা যায় না। কিন্তু খেলাধুলার কোনো নিষেধাজ্ঞা থাকে না।” বাফুফের উপ --- সম্পাদক মঞ্জুর হোসেন মালুও জরুরি অবস্থায় বি. লিগ আয়োজনে কোনো সমস্যা দেখেন না, “পরিস্থিতি অনুকূলেই মনে হচ্ছে আমার কাছে।”
তারপরও একটা সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। বি. লিগের স্পন্সর খোঁজার দায়িত্ব যাদের হাতে দেওয়া হয়েছিল সেই ভারতীয় লেজার স্পোর্টস ম্যানেজমেন্টের লোকজন এখনো বাংলাদেশে আসতে পারেননি। এর আগে এসে তারা স্পন্সর খোঁজার কাজ অনেকটা এগিয়ে রাখলেও চূড়ান্ত করার জন্য ঢাকা আসতে পারছেন না ভিসা না পাওয়ায়। ২২ ফেব্র“য়ারির নির্বাচন উপলক্ষে কলকাতায় বাংলাদেশী দূতাবাস তাদের ভিসা দিচ্ছে না বলেই জানিয়েছিল বাফুফে। এখন ভিসা পাওয়ার রাস্তা সহজ হবে কিনা --- তা অবশ্য বুঝতে পারছেন না বাফুফে কর্তারা।
