২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি.লিগের আকর্ষনও কমিয়ে দিতে পারে পাতানো খেলা

প্রথমবারের মতো শুরু হতে যাওয়া পেশাদার লিগেরও পাতানো খেলার মতো বড় অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। অথচ এই অসুখের প্রতিষেধক নিয়ে তেমন ভাবনা নেই পেশাদার লিগ কমিটির।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 08:55 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

দেশের ফুটবল ঐতিহ্যের কিছু ভালোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে এক মারাতœক খারাপ জিনিসও --- পাতানো খেলা। গত দুই দশক ধরে এই অসুখে আক্রান্ত হয়ে  ফুটবল হয়েছে পশ্চাৎপদ। এই পিছিয়ে পড়া  খুব কাছ থেকেই দেখেছেন পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুর রহিম। কারণ, বেশিরভাগ সময়ই তিনি ছিলেন সিনিয়র ডিভিশন লিগ কমিটির বড় কর্তা। এখানকার পাতানো খেলার চরিত্র নিয়ে তার পর্যবেক্ষণ হচ্ছে, “আমাদের দেশে পাতানো খেলার সঙ্গে খেলোয়াড়রা জড়িত থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে ক্লাব --- কর্মকর্তারাই ম্যাচ পাতায়। তারাই পয়েন্ট দেওয়া ---- নেওয়ার সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্তচাপিয়ে দেয় খেলোয়াড়দের ওপর।”

তার মানে খেলোয়াড়দের এখনো নৈতিক অধঃপতন হয়নি। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে এটাকে খুব ভালো দিকই বলতে হবে। সেক্ষেত্রে মূল অপরাধী ক্লাব --- কর্মকর্তারাই। কিন্তু তাদের বিরুদ্ধে কিছু করতে গেলেই সমস্যা। কী সমস্যা ? শুনুন আব্দুর রহিমের মুখে, “দেখা যায় তারা হয়তো বাফুফের সঙ্গেই জড়িত। তখন আমরা স্বার্থের কথা ভেবে দুর্বল হয়ে পড়ি, আর বড় কোনো সিদ্বান্ত নেওয়া যায় না।” এই নমনীয়তা অতীতে অনেক দেখা গেছে আর এ কারণেই দেশের ফুটবল আজ এ অবস্থায় এসে ঠেকেছে।

তবে আব্দুর রহিম মনে করেন একক সিদ্ধান্ত নেওয়া গেলে তারপরও অনেক কঠোর হওয়া যায়, “ পাতানো খেলা নিরূপনের কোনো দাড়িপাল্লা নেই। এটা খুব কঠিন কাজ। কিন্তু কারো ওপর বিশ্বাস রাখা গেলে তার একক সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া যায়। তিনি খেলা দেখে যদি মনে  করেন এটা পাতানো খেলা, সেটাই যথেষ্ট। তাকে বাফুফে ও মিডিয়া সমর্থন করে গেলে অভিযুক্ত দলকে অবশ্যই কঠিন শাস্তি দেওয়া যায়। আমি একবার প্রথম বিভাগ লিগে এ রকম করেছিলাম।”

এ রকম ভাবলেও শেষ পর্যন্ত কী করবেন তা এখনো ঠিক করেননি আব্দুর রহিম। কোনো পরিকল্পনাও নেননি এই অসুখ সারানোর জন্য। তাই আশঙ্কা, ফুটবল বিশ্বের সবচেয়ে কার্যকর এই লিগটিও সৌন্দর্য্য,আকর্ষন হারাতে পারে বাংলাদেশে।