২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের প্রাথমিক দলে পাঁচ নতুন মুখ

গত বিশ্বকাপ ক্রিকেটের জন্য ৩০ জনের প্রাথমিক দল করতে গিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন তখনকার নির্বাচকরা। একইসঙ্গে বাংলাদেশ দলের তিন সাবেক অধিনায়ক আকরাম খান, আমিনুল ইসলাম ও নাঈমুর রহমানকে তারা হিসাবেই ধরেননি। তুলনা করতে গেলে এবার মার্চ - এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণাটা একেবারেই নির্ঝঞ্জাট হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিতর্ক হওয়ার মতো কিছুই নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

তবে নতুন মুখ আছে কিছু। যারা এবার ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছেন। আগেরদিনই প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়ে দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলের সঙ্গে এই দলের পার্থক্য হবে চার --- পাঁচটা। ওই দলে ছিলেন ওপেনার নাফীস ইকবাল। ইনজুরির কারণে এবার তাকে বাদ দিয়ে নেয়া হয়েছে নাফীসের মতোই ওপেনার এবং তার ছোট ভাই তামিম ইকবালকে। আছেন মোহামেডানের ওপেনার জুনায়েদ ইমরোজ সিদ্দিকীও। নির্বাচকরা যার বোলিংয়ে মাশরাফি আর শাহাদাতদের মতো গতি দেখেন, সেই ডলার মাহমুদও ধারণা অনুযায়ীই আছেন ৩০ জনে। ঘরোয়া ক্রিকেটে ভালো সময় পার করতে থাকা তরুন ও প্রতিশ্র“তিশীল মিডল অর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়ুবকেও রাখা হয়েছে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য পেসার মোহাম্মদ শরীফের অন্তর্ভূক্তি। বাংলাদেশের হয়ে আটটি ওয়ানডে খেলা এই পেসার তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন পাঁচ বছর আগে। ২০০২ সালের জানুয়ারিতে ঢাকায়, পাকিস্তানের বিপক্ষে। এরপর ইনজুরির সঙ্গে লড়তে থাকা এই পেসারকে মাঠের বাইরেই থাকতে হয়েছে তিন বছর। গ্রোয়েন ইনজুরি থেকে সেরে উঠে দুই বছর আগে মাঠে ফেরার পর থেকেই পারফর্ম করছিলেন শরীফ। তারই পুরস্কার হিসেবে এখন বিশ্বকাপের ৩০ জনের দলে। তার জন্য হয়তোবা পাঁচ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রথম পদক্ষেপও এটা।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও এবার বাদ পড়া পাঁচজনের একজন তো নাফীস ইকবাল। অন্য চারজন হাসিবুল হোসেন, শাফাক আল জাবির, জামালউদ্দিন বাবু এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

৩০ জনের দল : হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, রাজিন সালেহ, শাহাদাত হোসেন, তুষার ইমরান, অলক কাপালি, তাপস বৈশ্য, আব্দুর রাজ্জাক, মাঞ্জারুল ইসলাম, সৈয়দ রাসেল, মুশফিকুর রহিম, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, নাদীফ চৌধুরী, নাজমুস সাদাত, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ শরীফ, ডলার মাহমুদ, সগীর হোসেন পাভেল, মার্শাল আইয়ুব এবং তামিম ইকবাল।