২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে গোলবন্যায় ভাসালেন হুলিও ব্যাপটিস্টা

প্রতিশোধ নেওয়ার কথা। সেটা তো হলোই না, উল্টো নিজেদের মাঠে গোল বন্যায় ভাসতে হলো লিভারপুলকে। মঙ্গলবার লিগ কাপ কোয়ার্টার ফাইনালে তাদেরকে ৬ --- ১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। গানার্সের বড় কোনো সাফল্যের কথা উঠলেই তো সবার আগে মনে পড়ে থিয়েরি অঁরির কথা। অঁরি নন, এবার আর্সেনালের এমন বড় জয়ের নায়ক হুলিও ব্যাপটিস্টা। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার লিভারপুলকে লজ্জায় ডোবাতে একাই করেছেন চার গোল!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

গত শনিবারই  আর্সেনালের কাছে ৩ --- ১ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে লিভারপুল। তিন দিন পরের এ ম্যাচ তাদের কাছে তাই সত্যিকার অর্থেই ছিল প্রতিশোধের। শনিবারের পরাজয়টাও বরণ করতে হয়েছিল নিজেদের মাঠ অ্যানফিল্ডে। মঙ্গলবার আর্সেনালের ভক্তরা হয়তো ভাবতেও পারেননি একই মাঠে এমন ভরাডুবি হবে প্রিয় দলের। কিন্তু বাস্তবে হয়েছে তাই। ম্যাচে একটা জায়গায় খুব মিল ছিল দু দলের। দু দলই মাঠে নেমেছিল শনিবারের ম্যাচের ৯ জন খেলোয়াড়কে বাইরে রেখে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার তরুনদের নামিয়ে দারুণ সুফল পেলেও লিভারপুল ম্যানেজার রাফায়েল বেনিটেজ আহত হয়েছেন বুমেরাংয়ের আঘাতে। তার এ কৌশলই তো বুমেরাং হয়ে ফিরেছে আর্সেনাল শিবিরে। ম্যাচ শেষে হতাশ করার জন্য সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে বেনিটেজকে। সেটাই স্বাভাবিক। সেই ১৯৩০ সালে একবার সান্ডারল্যান্ডের কাছে ৬ --- ০ গোলে হেরেছিল, তারপর লিভারপুলের এই প্রথম আবার নিজেদের মাঠে ৬ গোল খাওয়া।

একদিক থেকে দেখলে দিনটাই ছিল আর্সেনালের। হতাশ বেনিটেজ তো প্রথমার্ধে দু দলের পার্থক্য বোঝাতে গিয়ে একটু ঘুরিয়ে স্বীকারও করেছেন সে কথা, “ ওরা চারটি সুযোগ পেয়েছে গোলও করেছে চারটি। অথচ আমরা ---!” বাকি কথায় ছিল শুধু নিজের দলের খেলোয়াড়দের গোল মিস করার প্রসঙ্গ। তা মিস যে আর্সেনালও করেনি এমন তো নয়। দ্বিতীয়ার্ধে একটা পেনাল্টি মিস না করলে এক ম্যাচেই পাঁচ গোল হয়ে যেত ব্যাপটিস্টার। হয়নি বলে আফসোস যে তিনি করবেন না এ কথা অবশ্য বাজি রেখেই বলা যায়। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পর থেকে যিনি দলকে মাত্র একটি গোল উপহার দিতে পেরেছেন , তার পা থেকে এক ম্যাচেই এসেছে চার গোল! এর চেয়ে বেশি আর কী চাইতে পারতেন হুলিও ব্যাপটিস্টা?