২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেভারিটদের সহজ জয় দিয়ে শুরু প্রিমিয়ার ক্রিকেট

কাই - অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটের উদ্বোধনী দিনটাকে ফেভারিটদের সহজ জয়ের দিনই বলা যায়। বুধবার প্রতিপক্ষ হিসেবে তিন ফেভারিটই পেয়েছিল দুর্বল দলগুলোকে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যেমন বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস ইয়াং পেগাসাসের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় দিয়ে শুরু করেছে হ্যাটট্রিক শিরোপার অভিযান। আর এই জয়টা দিনের শেষে নিশ্চয়ই অন্যভাবে উদযাপনের সুযোগ পেয়েছেন ডিওএইচএসের পেসার ডলার মাহমুদ এবং ওপেনার তামিম ইকবাল। তারা দুজনই এদিন বিশ্বকাপের জন্য বাংলাদেশের ৩০ জনের প্রাথমিক দলে আছেন বলে জেনেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পেগাসাসের ১২৮ রান তাড়া করতে নামা ডিওএইচএসের সর্বোচ্চ ৫৪ রান তামিমের ব্যাট থেকেই আসা। তবে শাহাদাত হোসেনকে (৩/৩৬) ছাপিয়ে ম্যাচ সেরা  হওয়া ডলার মাত্র ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট।

ফতুল্লায় ভারী কুয়াশার কারণে  খেলা শুরু হয়েছে দেরীতে। তারপরও সকালের উইকেটের সুবিধা দারুনভাবে কাজে লাগিয়ে এবারের লিগের প্রথম ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন রানার্স আপ সোনারগাঁ ক্রিকেটার্সের মাহবুবুল আলম রবীন। তার বিধ্বংসী (৫/২৪) বোলিংয়ে ৪৩ ওভারের নির্ধারিত ম্যাচে মাত্র ২০.৫ ওভারেই ৪৪ রানে গুটিয়ে যায় নবাগত পারটেক্সের ইনিংস। ওই ৪৪ রান টপকে ৮ উইকেটের জয় পেতে মাত্র ১০.৪ ওভার লেগেছে সোনারগাঁর।

বিকেএসপিতে হয়েছে লিগের প্রথম সেঞ্চুরি। করেছেন ইন্দিরা রোডের ১৯০ রান তাড়া করতে নামা ভিক্টোরিয়ার হাসানুজ্জামান রোজেল। তার ব্যাটিংয়ে ১৬ ওভার বাকি থাকতেই ৯ উইকেটের জয় পেয়েছে মতিঝিলের ক্লাবটি। মাত্র ৭৪ বলে সেঞ্চুরি করা রোজেল ১২৯ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছক্কা একটিই, তবে বাউন্ডারি ১৯টি!

সংক্ষিপ্ত স্কোর

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

ইয়াং পেগাসাস : ৪০.১ ওভারে ১২৬/১০ ( রবিউল ২৬, জুবায়ের ১৫, রাইসুল ৩২, শাহাদাত ৩/৩৬, ডলার ৩/১৩, রাজ্জাক ১/২৬, মাহমুদ ১/৯, এনামুল জুনিয়র ১/১৫, মেহরাব জুনিয়র ১/১৯)

ওল্ড ডিওএইচএস : ৩৬.৩ ওভারে ১২৮/৩ ( তামিম ৫৪, এহসানুল অপরাজিত ৪৪, কামাল ২/১৮, সাঈফ ১/৩৪)

ফল : ডিওএইচএস ৭ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : ডলার মাহমুদ ( ডিওএইচএস)

নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম

পারটেক্স : ২০.৫ ওভারে ৪৪/১০ ( রাশেদ হানিফ ১০, মাহবুবুল আলম ৫/২৪, আশিকুর ৩/১৫, শরীফ ২/৩)

 সোনারগাঁ ক্রিকেটার্স : ১০.৪ ওভারে ৪৫/২ ( অলক অপরাজিত ১৩, মার্শাল অপরাজিত ৯, রেজাউল ১/২৫, রবীন ১/১৯)

ফল : সেনারগাঁ ক্রিকেটার্স ৮ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : মাহবুবুল আলম রবীন ( সোনারগাঁ ক্রিকেটার্স )

বিকেএসপি দুই নাম্বার মাঠ

ইন্দিরা রোড : ৫০ ওভারে ১৯০/৮ ( আরিফুর ৩২, গোলাম মাওলা ৫২, জাফর ৪/২৪, ওয়াসেল ২/৩৪)

ভিক্টোরিয়া : ৩৩.৫ ওভারে ১৯১/১ ( নাসিরুদ্দিন ফারুক অপরাজিত ৫২, হাসানুজ্জামান রোজেল অপরাজিত ১২৯, সুমন ১/৩১)

ফল : ভিক্টোরিয়া ৯ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : হাসানুজ্জামান রোজেল ( ভিক্টোরিয়া)