২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগের স্পন্সর-ভাগ্য নিয়ে সংশয়

সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি দেশের অন্য সব কিছুর মতোই ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলেছে। প্রথমবারের মতো শুরু হতে যাওয়া পেশাদার লিগের গায়ে ওরকম অনিশ্চয়তা জেঁকে বসেনি তারপরও এখনো স্পন্সর ঠিক করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

স্পন্সর খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছিল লেজার স্পোর্টস ম্যানেজমেন্টকে। ভারতীয় এই কোম্পানির কর্মকর্তারা বেশ কয়েকবার বাংলাদেশে এসে কাজ করেছেন। তবে তখন মাঠ বিতর্কে বি. লিগের ভাগ্য ছিল অনিশ্চয়তার মধ্যে। যখন বি. লিগের সেই অনিশ্চয়তা দূর হওয়ার বার্তা নিয়ে ১৪ ফেব্র“য়ারি থেকে প্রথমবারের মতো দেশে পেশাদার ফুটবল শুরুর ঘোষনা এলো তখনই দেখা দিল নতুন সমস্যা। এখন আর বাংলাদেশে আসতে পারছেন না লেজার স্পোর্টসের লোকজন। ২২ ফেব্র“য়ারি বাংলাদেশে নির্বাচন বলেই নাকি তাদের ভিসা দিচ্ছে না বাংলাদেশ হাই কমিশন, সপ্তাহ তিনেক আগে এমনটিই বলেছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

বুধবার বাফুফের মিডিয়া অফিসার ফাত্তাহ অবশ্য দাবি করেছেন, “আমরাও বসে নেই। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে কথা বলেছি। অবশেষে তাদের একটা চিঠিও পাঠানো হয়েছে। দেখা যাক কী হয়।”

এ উদ্যোগ নিতেই বেশি সময় নিয়ে ফেলায় এরই মাঝে দেখা দিয়েছে  আরেকটা নতুন আশংকা। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে স্পন্সররা কতটা আগ্রহী হবে! মাসদুয়েক আগে এক টেলিকম কোম্পানির কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলেন বলেই উল্লেখ করেছিলেন লেজার স্পোর্টসের এক কর্মকর্তা। তাদের এখনো সেই আগ্রহ আছে কিনা বলা মুশকিল। কারণ, বি.লিগের দলগুলো এবং কয়েকজন বাফুফে কর্মকর্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পেশাদার লিগের প্রথম আসরের ভাগ্য নিয়ে সন্দিহান। তাছাড়া বাফুফের তরফ থেকে এর তেমন কোনো প্রচারনাও নেই। সব মিলিয়ে বি.লিগের স্পন্সর হতে আগ্রহীরা আগ্রহ ধরে রাখবে কিনা এ নিয়েও সংশয় আছে যথেষ্ট।