২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের কোচ হতে পারেন ব্রেন্ডন কুরুপ্পু

আমিনুল ইসলাম বুলবুল আবাহনীকে পাকা কথা দিয়ে ফেলার পরই টনক নড়েছিল মোহামেডানের। ‘ঘরের ছেলে'কে হারানোর পর কোচ সংকটটা হাড়ে হাড়ে বুঝতে শুরু করে তারা। টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটটা একরকম কোচ ছাড়াই পার করে দেয়া মোহামেডান তখন থেকেই একজন ভালো কোচের সন্ধানে নেমেছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

দায়িত্বটা নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারন সম্পাদক মাহবুব আনাম। তিনি যে মোহামেডান ক্রিকেট দলেরও হর্তাকর্তা! শ্রীলংকা থেকে নিজের ব্যবসায়িক কাজের পাশাপাশি মোহামেডানের জন্য একজন ভালো কোচের বন্দোবস্তও প্রায় করে ফিরেছেন বলে বুধবার জানালেন মাহবুব। গত মৌসুমে মোহামেডানের কোচ হিসেবে কাজ করে যাওয়া চামিলা গামাগি নন, ঐতিহ্যবাহী দলটার কোচ হিসেবে এবার দেখা যেতে পারে শ্রীলংকার সাবেক টেস্ট ক্রিকেটার ব্রেন্ডন কুরুপ্পুকে।

“কুরুপ্পু শ্রীলংকার একটি ক্লাব দলের কোচ। আমি তাকে প্রস্তাব দিয়েছি। তারও অসম্মতি নেই। তবে তাকে তার ক্লাব দলের প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি পেয়ে গেলে তিনিই হতে পারেন এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের কোচ।” শ্রীলংকার হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরিও আছে উইকেটকিপার -- ব্যাটসম্যান কুরুপ্পুর। অভিজ্ঞতা আছে ঢাকার মাঠে খেলারও। ১৯৮৮ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলংকার প্রতিনিধিত্ব করার পরের বছরই ঢাকার ঘরোয়া ক্রিকেটেও খেলে গেছেন। প্রসঙ্গত প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসের কোচও একজন শ্রীলংকান। গত দুই বছর তাদের টানা শিরোপা জয়ের নেপথ্যে ছিলেন প্রেমলাল ফার্নান্ডো।