উজ্জীবিত দক্ষিন আফ্রিকার মুখোমুখি ‘ইউসুফ-বিহীন’ পাকিস্তান
কিছু প্রশ্ন থাকে যার উত্তর সবারই জানা। এ মুহুর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান কে --- প্রশ্নটাও বোধহয় সে রকমই। দলে ইনজামাম, ইউনিসরা আছেন ঠিকই, তবু তার কথাই মনে আসে আগে। মোহাম্মদ ইউসুফ। হালে তার ব্যাট এত ধারাবাহিকভাবে রানক্ষুধা মেটাচ্ছে যে পাকিস্তান --- দক্ষিন আফ্রিকা টেস্ট সিরিজ শুরুর আাগেও সবাইকে ছাপিয়ে উঠে আসছে তার নাম। বৃহস্পতি বার সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচে পাকিস্তানের সম্ভাবনা --- অসুবিধা প্রসঙ্গে খোদ মিকি আর্থারই বলে বসলেন, “ মোহাম্মদ ইউসুফের অভাবটা খুব অনুভব করবে ওরা।”
সন্তানসম্ভবা স্ত্রীর কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দলের সঙ্গে আসতে পারেননি মোহাম্মদ ইউসুফ। দক্ষিন আফ্রিকার কোচ তার সম্পর্কে যা বলেছেন তার প্রতিবাদ করার মানুষ খুঁজেও পাবেন না আপনি। ভাবুন একবার, সদ্য শেষ হওয়া মৌসুমে ১১ টেস্টে নয়টি সেঞ্চুরিসহ ১৭৮৮ রান করেছেন ইউসুফ! মৌসুমের সফলতম ব্যাটসম্যান হতে গিয়ে গড়ে ফেলেছেন এক মৌসুমে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি করার রেকর্ডও। এমন একজনকে মিস না করে পারে কোনো দল? পাকিস্তান দলে মোহাম্মদ ইউসুফের অনুপস্থিতি সবসময়ই অবশ্য দুশ্চিন্তার ব্যাপার। হালে এমন আলোচনা বেশি হচ্ছে, অতীতে খুব একটা হয়নি, কারণ এটাই ‘আনসাং হিরো'দের ললাটলিখন!
যা হোক, ইউসুফ নেই, তাই কিছুই নেই --- এমনটি ভাবার মতো দল পাকিস্তান অবশ্যই নয়। সিনিয়রদের মাঝে ইনজামাম,ইউনিসরা তো আছেনই, আছেন ইমরান ফারহাত, ইয়াসির হামিদ, মোহাম্মদ হাফিজদের মতো তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যানরাও। দল চূড়ান্ত হয়নি বলে কে খেলছেন, কে খেলছেন না তা এখনো বলা যাচ্ছে না। তবে এটা প্রায় নিশ্চিত যে শেষ মুহুর্তে দলে নেওয়া হলেও শোয়েব আখতার ভ্রমন জটিলতার কারণে এ ম্যাচে খেলছেন না। এর বাইরে ইনজুরির জন্য এ ম্যাচ ----- এমনকি সিরিজও মিস করতে পারেন এমন খেলোয়াড়ও আছে। গোড়ালির সমস্যার জন্য এ ম্যাচ খেলছেন না শোয়েব মালিক। ওদিকে আব্দুর রাজ্জাক পুরো সিরিজেই খেলতে পারবেন না কাফ মাসল ইনজুরির জন্য।
দক্ষিন আফ্রিকা দলে সে রকম কোনো সমস্যা নেই। বরং প্রথম টেস্ট হারার পরও টানা দ্ ুটেস্ট জিতে ভারতকে টেস্ট সিরিজে হারানোর টাটকা স্মৃতি দারুণ মনোবল দিয়েছে তাদের। শন পোলক শ্রীলংকার বিপক্ষে বাজে বোলিং করে নিজের ক্যারিয়ার নিয়েই যে প্রশ্নের জন্ম দিয়েছিলেন তা মুছে গেছে ভারতের বিপক্ষের সিরিজে। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দি সিরিজ’ হওয়ার পর তার ক্যারিয়ার নিয়ে দুর্ভাবনায় থাকা তো রীতিমতো আহাম্মকি!
অধিনায়ক গ্রায়েম স্মিথও ফর্ম ফিরে পেয়েছেন একেবারে ঠিক সময়ে। টানা তিন ইনিংসে ফিফটি পেরিয়ে অবদান রেখেছেন ভারতের বিপক্ষে টানা দু টেস্ট ও সিরিজ জয়ে। পোলক আর স্মিথের সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানে কিন্তু পাকিস্তানের জন্য মহাবিপদ সংকেত। এমনিতেই দক্ষিন আফ্রিকায় একবার সিরিজ ড্র (১৯৯৭ --৯৮) করা ছাড়া ভালো করার নজীর নেই, তার ওপর যদি ওই দুজন একেবারে ‘বেড়ে’ খেলেন তাহলে তো যে কোনো প্রতিপক্ষের জন্যই সমস্যা।
অবশ্য পাকিস্তান দলের জন্য একটা চিরস্থায়ী তকমা আছে। আনপ্রেডিক্টেবল! এই বিশেষণ অন্য সব প্রতিপক্ষের চেয়ে এতদিন আলাদা রেখেছে তাদের। সুতরাং সেঞ্চুরিয়ন টেস্ট নিয়ে আগ বাড়িয়ে কিছু না বলাই ভালো। দক্ষিন আফ্রিকা সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে জিততে পারে, আবার প্রথম বারের মতো দক্ষিন আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার লক্ষ্যের দিকে পাকিস্তানও যাত্রা শুরু করতে পারে এ ম্যাচেই। হ্যাঁ, পারেই তো!
