বিশ্বকাপেও থাকতে পারে গ্রামীণফোন
গ্লোবাল পার্টনারদের বানিজ্যিক স্বার্থকে ব্যাহত করে, এমন কোনো প্রতিষ্ঠানের বিশ্বকাপ ক্রিকেটের আঙিনায় ঢোকার ছাড়পত্র নেই। তাই বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল স্পনসর হয়েও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ বেশ কয়েকটি আয়োজনে গ্রামীণফোনের প্রবেশাধিকার ছিল না।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ক্রিকেটেও তাদের ঢুকতে পারার কথা নয়। কিন্তু এবার তারা আশার আলো দেখতে পাচ্ছে এবং এ কারণে বিশ্বকাপের জন্য আলাদা করে টিম স্পনসর খোঁজার ঝামেলা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পেতে পারে মুক্তির আনন্দ ।
আইসিসির টুর্নামেন্ট আয়োজনে অন্যতম গ্লোবাল পার্টনার মোবাইল কোম্পানি হাচ। তাদের সঙ্গে সংলাপ সফল হলে গ্রামীণফোনও জায়গা করে নিতে পারে বিশ্বকাপে।
এক্ষেত্রে আরেকটি সফল সংলাপকেই উদাহরণ হিসেবে টানছেন গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং রুবাবা দৌলা মতিন,“ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় মোবাইল কোম্পানি ক্যাবল অ্যান্ড ওয়্যারলেস। ওরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলেরও স্পনসর। তারা হাচের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপে থাকার একটা বন্দোবস্ত করে ফেলেছে। আলোচনার মাধ্যমে যদি অনুমতি মেলে তাহলে আমাদেরও তো সেই চেষ্টা করে দেখতে দোষ নেই।
বলতে পারেন, এ জন্যই আশার আলো দেখতে পাচ্ছি আমরা।” বাংলাদেশের অন্যতম সেরা এই মুঠোফোন সংস্থাটি অবশ্য এরমধ্যেই হাচের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারটা চূড়ান্ত করে ফেলেছে। যদিও প্রথমে তারা বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার সঙ্গেই যোগাযোগ করেছিল বলে জানিয়েছেন রুবাবা,“আইসিসির কাছেই প্রথমে আমরা অনুরোধ করেছিলাম।
কিন্তু তারা আমাদের পরামর্শ দিয়েছে হাচের সঙ্গে আলোচনা করতে। যদি আমরা হাচের সঙ্গে কথা বলে অনুমতি নিতে পারি, তাহলে আইসিসি বাঁধা হয়ে দাঁড়াবে না।” তাহলে ঠিক এই মুহুর্তে কতোটা আশাবাদী হয়ে উঠতে পারছেন? এ প্রশ্নের জবাবে রুবাবা বললেন,“আসলে হাচের সঙ্গে আমাদের আলোচনা কতোটা সফল হবে, তার ওপরই নির্ভর করছে সবকিছু।’ সফল হলে স্পনসর খুঁজে আর গলদঘর্ম হতে হবে না বিসিবিকে।
গত বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর ছিল মবিল। আর গত সেপ্টেম্বর --- অক্টোবরে ভারতে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শেষ পর্যন্ত বিসিবির যুগ্ম সম্পাদকের প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়েছিল।
