প্র্যাকটিসের ছাড়পত্র পেলেন সাকিব
জাতীয় দলের ফিজিও পল ক্লোজের সঙ্গে মঙ্গলবার বিকেলে গিয়েছিলেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। সেখানে তার স্ক্যান রিপোর্ট দেখে ডাক্তার সন্তুষ্টি প্রকাশ করায় বুধবার থেকে প্র্যাকটিসে নেমে পড়ার অনুমতি পেয়ে গেছেন সাকিব আল হাসান। পল ক্লোজ তেমনই জানিয়েছেন,“সাকিব আগামীকাল (বুধবার) থেকেই প্র্যাকটিস করতে পারবে। ওর হাতের অবস্থা সন্তোষজনকই মনে হয়েছে ডাক্তারের। আমরা আজ (মঙ্গলবার) বিকেলে একজন অর্থোপেডিক সার্জনের কাছে গিয়েছিলাম। তিনি সাকিবকে প্র্যাকটিসের ছাড়পত্র দিয়েছেন।”
বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ক্রিকেটের উদ্বোধনী দিনে মোহামেডানের কোনো খেলা নেই। পরদিন প্রথম ম্যাচে কলাবাগানের বিপক্ষে খেলবে তারা। প্রথম ম্যাচে সাকিবকে খেলাবেন কিনা সেব্যাপারে প্র্যাকটিসের পরই সিদ্ধান্ত নিতে চান মোহামেডান অধিনায়ক হাবিবুল বাশার,“সাকিব প্রিমিয়ারে খেলবে কিনা সেটা নির্ভর করছে বুধবারের প্র্যাকটিসের ওপর। এমনকি ইনজুরির পর ও স্রেফ নক করার জন্যও ব্যাট হাতে নেয়নি। বুধবার প্র্যাকটিসের পর ও যদি ভালো অনুভব করে, তখন আমরা ওর কথা ভাববো।”
