অ্যাথলেটিকস ক্যাম্পও পিছিয়ে গেছে !
বাংলা গেমস পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যক্রমও যেন পিছিয়ে গেছে। ১০ ফেব্র“য়ারি থেকে এ গেমস পিছিয়ে গেছে মার্চে, সুনির্দিষ্ট তারিখ হয়নি। তাই ৫ জানুয়ারি থেকে যে অ্যাথলেটিকস ক্যাম্প হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না।
অথচ এ সময়ে নতুন করে উজ্জীবিত হওয়ার কথা ছিল অ্যাথলেটিকসের। এমন আশা করার কারণ, এসএ গেমসে মাহফুজের সোনা ও জুঁই - সুমিতার রূপা জয় এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন ট্র্যাকে ফিরেছে অ্যাথলেটিকস। অথচ তারপরও দৃশ্যতঃ ফেডারেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই অ্যাথলেটিকসে একটু প্রাণ সঞ্চার করার। যদিও ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তাপন মুখে বলছেন, “অলিম্পিকের ওয়ালী সাহেব হজ্ব থেকে ফিরলে আমরা ক্যাম্প শুরুর উদ্যোগ নেবো।” সেটা অবশ্য ইন্দো - বাংলা গেমসের প্রস্তুতির জন্য আর এই ক্যাম্পের খরচ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে নেবে বলেই তিনি অলিম্পিকের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহর অপেক্ষায় আছেন।
কিন্তু ফেডারেশনের তরফ থেকে সারা দেশে অ্যাথলেটিকস - চর্চা চালু করার কেনো উদ্যোগ নেই। অবশ্য এসএ গেমসে সোনা জয়ের পর অ্যাথলেটিকস --- কর্তাদের মুখে ছিল চমৎকার ভবিষ্যৎ কর্মসূচীর সুন্দর সুন্দর কথা। কিন্তু সেগুলোর সঙ্গে এখনকার বাস্তবতার ফারাক অনেক। সেরকমই আরেকটি পরিকল্পনার কথা বলেছেন ফেডারেশন - সম্পাদক, “সুনিতার বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা না গেলে এখানেই তার জন্য টানা প্র্যাকটিসের বিশেষ ব্যবস্থা করবো আমরা।” সেটাও কতটুকু হবে তা কেবল ভবিষ্যৎ-ই জানে।
