২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের কাছে যাবে ক্রিকেট বোর্ড

“অবরোধের আওতামুক্ত”। অবরোধের দিনগুলোতে সকাল বেলা পত্র পত্রিকায় এই শিরোনামের সংবাদ নিশ্চয়ই সাধারণ পাঠকের নজর এড়ায়নি কখনো। আইডিয়াটা সেখান থেকেই ধার করা কিনা কে জানে! তবে মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের ( সিসিডিএম ) সভায় প্রিমিয়ার ক্রিকেটের ম্যাচকে অবরোধের আওতামুক্ত রাখার ব্যাপারে করনীয় নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে বুধবার থেকে শুরু হতে যাওয়া কাই - অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটকে অবরোধের আওতামুক্ত রাখার অনুরোধ নিয়ে মহাজোটের কাছে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। এবং যাবে বৃহষ্পতিবারের মধ্যেই। সিসিডিএমের চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন সভা শেষে সেরকমই জানালেন ,“আমরা ঠিক করেছি মহাজোট সমন্বয়ক আব্দুল জলিলের সঙ্গে দেখা করে ক্রিকেট ম্যাচকে তাদের কর্মসূচীর আওতার বাইরে রাখার অনুরোধ জানাবো।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কিন্তু সেই অনুরোধ নিয়ে কে যাবেন? জামিল জানাচ্ছেন,“কারা কারা যাবেন, এটা বোর্ড ঠিক করে দেবে। সেখানে আমাকে রাখা হলে আমিও যেতে পারি। কাল (বুধবার) কিংবা পরশূর (বৃহষ্পতিবার) মধ্যেই যেতে হবে।” তবে বুধবার অবরোধ নেই। তাই ঠিক  হয়ে থাকা তারিখেই শুরু হয়ে যাচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস ও ইয়াং পেগাসাস ম্যাচ। দিনের অন্য দুটো ম্যাচ সোনারগাঁ ক্রিকেটার্স --- পারটেক্স এবং ভিক্টোরিয়া --- ইন্দিরা রোডের। মহাজোটের কাছে নিয়ে যাওয়া অনুরোধে সায় পাওয়ার অপেক্ষাও থাকবে এরপর থেকে। কিন্তু মহাজোট অনুরোধ না রাখলে? জামিল বলছেন,“তখন লিগ বন্ধ থাকবে। যেদিন অবরোধ থাকবে না, সেদিন খেলা হবে।” মঙ্গলবারের সিসিডিএম সভায় সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলে ফেরার পরই হবে প্রিমিয়ারের সুপার লিগ। এর কয়েকটা ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলেও নিশ্চিত করেছেন জামিল।