বিশ্বকাপের ৩০ জনের দল চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা
আগেরদিনই ডেভ হোয়াটমোর কোনোরকম রাখঢাক না করে জানিয়েছিলেন, তার হিট লিস্টে কয়েকজন নতুন মুখও আছে। বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল নির্বাচনী সভায় মঙ্গলবার বাংলাদেশ দলের কোচ সেই নামগুলো নিশ্চয়ই তুলেছেন। নির্বাচকমন্ডলীর সদস্য তো তিনি নিজেও। অন্য নির্বাচকদের মধ্যে আতহার আলী খান হজ্জ্ব করে এখনো দেশে ফেরেননি। তাই বলে দল নির্বাচনী সভা থেমে থাকেনি। তার সঙ্গে সভার সময় পরামর্শ বিনিময়ের কাজটা ফোনেই সেরেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ১৩ জানুয়ারি আইসিসির কাছে প্রাথমিক দল জমা দেওয়ার ডেডলাইন। তার চারদিন আগেই ওই দল চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জমাও দিয়েছেন নির্বাচকরা। যদিও এদিনই আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ার বিষয়টা নিশ্চিত হয়ে গেছে বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমানের কথায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলছিলেন,“কই আমার হাতে তো এখনো আসেনি।”
বিসিবির তরফ থেকে দল ঘোষণার আগে তাই ৩০ জনের দল সম্পর্কে কোনো ধারণা দিতে চাইলেন না ফারুক। তবে গত সেপ্টেম্বর --- অক্টোবরে ভারতে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলের সঙ্গে এই দলের পার্থক্যটা বের করা গেল তার মুখ থেকে,“চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চার --- পাঁচটা পরিবর্তন আছে।” পরিবর্তনগুলো খোলাসা করায় এখন তার অনীহা থাকলেও সেগুলো আঁচ করা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ভারতে। আর বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানকার সিমিং কন্ডিশন বেশ কিছূদিন ধরেই নির্বাচকদের মাথায় ঘুরপাক খাওয়াচ্ছে এমন একজন পেসারের চিন্তা, যিনি তৃতীয় পেসার হিসেবে মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেন রাজীবদের মতো গতির ঝড় তুলতে পারবেন। তাই বলে সৈয়দ রাসেলের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন নির্বাচকরা। কিন্তু প্রশ্ন যখন আসে গতি দিয়ে প্রতিপক্ষের ভিত কাঁপানোর চেষ্টার, তখন ডলার মাহমুদের নামটা চলে আসে নির্বাচকদের আলোচনায়। আর ওল্ড ডিওএইচএসের এই পেসারের প্রশংসায় কোনো কার্পন্য নেই ফারুকের,“বছর দুয়েক ধরেই ওর বোলিং দেখছি। আগে রান আপসহ আরো কিছু জায়গায় ওর সমস্যা ছিল। এখন সেগুলো কাটিয়ে উঠেছে। আর বোলিংয়ে গতিও আছে বেশ।” তাই ধরে নেয়া যায়, ৩০ জনের দলে তার চলে আসা স্বাভাবিক। ‘অদূর ভবিষ্যতে তোমরাও বিবেচনায় থাকছ’ --- তাদের মাঝে এই বোধের জন্ম দিতে সম্প্রতি টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ঝড় তোলা মোহামেডানের দুই ওপেনার জুনায়েদ ইমরোজ সিদ্দিকী এবং ইমতিয়াজ হোসেন তান্নারও ৩০ জনে ঢুকে যাওয়াটা বিচিত্র নয়। আর ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে চলে যাওয়া এবং এরপর একেবারেই হিসাবে না থাকা পেসার মোহাম্মদ শরীফ এবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ৩০ জনে আছেন নিশ্চিত। আর ব্যাটে বলে ধারাবাহিক পারফর্ম করে নির্বাচকদের নজরে নিশ্চয়ই পড়েছেন মুশফিকুর রহমান বাবুও।
এদিকে জিম্বাবুয়ে সফরের দল গড়ার জন্য কিছুদিনের মধ্যেই বসতে হবে নির্বাচকদের। ফারুক জানাচ্ছেন,“জানুয়ারির ২৫ তারিখের মধ্যেই আমরা জিম্বাবুয়ে সিরিজের দলটা দিয়ে দেব।” চার ম্যাচের সিরিজের জন্য দল গড়তে গিয়ে ‘এক কাজে দুই কাজ’ হয়ে যাবে নির্বাচকদের। এ কথার ব্যাখ্যাটা শুনুন ফারুকের মুখ থেকেই,“জিম্বাবুয়ে থেকে ফেরার এক সপ্তাহের মধ্যেই আবার ওদের বিশ্বকাপে খেলতে চলে যেতে হবে। তাই জিম্বাবুয়ে আর বিশ্বকাপের দলটা প্রায় একই হবে। বড়জোর একটা পরিবর্তন থাকতে পারে।”
নতুন মুখও কী থাকবে? একেবারে উড়িয়ে না দিলেও সম্ভাবনা কম বলছেন ফারুক,“চান্স কম।” কিন্তু তারা যে পেস বোলিং ডিপার্টমেন্টে ডলারের কথা জোর দিয়েই ভাবছিলেন। ফারুক ছেদ টানতে চাইলেন,“ওর বয়স কম। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে বিশ্বকাপটা ওর জন্য আদর্শ মঞ্চ নয়।” তবুও আরেকজন জোরে বোলারের খোঁজ থেমে নেই,“আমরা তো এক্ষেত্রে অভিজ্ঞদের কথাও ভাবতে পারি।” নির্বাচকরাই জানেন সেটা আবার মোহাম্মদ শরীফ কিনা!
অভিজ্ঞদের মধ্যে তার বলের গতিই তো বেশি!
