টুয়েন্টি - টুয়েন্টিতে ৭৭ রানে হেরেছে ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার ইনিংস শেষে যা অনুমান করা গিয়েছিল তা - ই হয়েছে। প্রথম টুয়েন্টি - টুয়েন্টি ম্যাচে ৭৭ রানে হেরে গেছে ইংল্যান্ড। ২২২ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৪৪ রান করতে পেরেছে তারা।
টুয়েন্টি - টুয়েন্টি ক্রিকেট নাকি পছন্দ নয় রিকি পন্টিংয়ের। তবে মাঠে নামলে যে পছন্দ - অপছন্দ গুরুত্ব পায় না তার প্রমান অস্ট্রেলীয় অধিনায়কের খেলা ২৬ বলে ৪৭ রানের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টুয়েন্টি - টুয়েন্টি ম্যাচে অবশ্য পন্টিংয়ের ৪৭ দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস নয়। সেই কৃতিত্ব অ্যাডাম গিলক্রিস্টের (২৯ বলে ৪৮ )। এর বাইরে ঝড় উঠেছে হেইডেন (২০), হাসি (১৮), সাইমন্ডস (৩৯ *), ক্যামেরন হোয়াইটসহ (৪০ *) - মোটামুটি সবার ব্যাটেই। ফলে টসে জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া পেয়ে যায় টুয়েন্টি - টুয়েন্টির রেকর্ড স্কোর ৫ উইকেটে ২২১ রান। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। ২০০৫ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ২১৪ রান করেছিল তারা। মঙ্গলবারের ম্যাচে ২০ ওভারে ১৪ টি চার ও ১৪টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
জবাবে ব্যাট করতে নেমে ওরকম ছক্কা - চারের ফুলঝুড়ি ছোটাতে পারেননি ইংলিশরা। জ্যামি ড্যারিম্পল (৩২) , পল নিক্সন (৩১*), মাইকেল ভন (২৭) আর ইয়ান বেল (২২) ছাড়া বলার মতো স্কোর পাননি কেউ। দুটি করে উইকেট নিয়েছেন বেন হিফেনহস আর অ্যান্ড্রু সাইমন্ডস। ম্যান অব দি ম্যাচ হয়েছেন ক্যামেরন হোয়াইট।
