হিসাবের খাতায় তো এগুলো তোলা হয়নি!
গতবছর ওয়ানডে ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজার সবচেয়ে বেশি উইকেট পাওয়ার কৃতিত্ব নিয়েই মজে ছিলেন সবাই। বুঁদ হয়ে ছিলেন শাহরিয়ার নাফীসের এক হাজারের বেশি রান করার সাফল্যে। ১৮ টি ওয়ানডে জিতে জয়ের অভ্যাস গড়ার পাশাপাশি বছরের দ্বিতীয় সেরা ওয়ানডে দল হওয়ার ব্যাপারটাও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে আনন্দের হিল্লোল তুলেছে। ফেলে আসা বছরে হিসাবের খাতায় তোলার মতো আরো অনেক কিছুই কিন্তু ছিল।
সেগুলো নিয়ে আলোচনা হয়েছে সামান্যই। অথচ হিসাবের অঙ্কে সেগুলোকে অসামান্য বললেও বাড়িয়ে বলা হয় না। এর মধ্যে অন্যতম বাংলাদেশের সবচেয়ে ইনজুরিপ্রবন ক্রিকেটার মাশরাফির ইনজুরিবিহীনভাবে একটি বছর পার করে দেওয়া। এ প্রসঙ্গে একই সঙ্গে ভীষণ উচ্ছ্বসিত শোনালো বাংলাদেশ দলের কোচ ডেভ হোয়াটমোর, ফিজিও পল ক্লোজ এবং ফিটনেস ট্রেনার পল চ্যাপম্যানের কন্ঠ।
হোয়াটমোর : পলের ( ক্লোজ ) কাজ নিয়ে খুব সন্তুষ্ট আমি। ছেলেদের ইনজুরির হার কমেছে -- বিশেষ করে আমাদের নাম্বার ওয়ানের, ২০০৬ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশী উইকেট পাওয়া মাশরাফির। গত বছর সে মাত্র একটা ম্যাচ মিস করেছে। সেটাও মিস করেছিল জিম্বাবুয়েতে, অ্যাংকেলের সামান্য সমস্যার জন্য।
ক্লোজ : আমরা নিশ্চয়ই কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে ও ( মাশরাফি ) উপকৃত হয়েছে এবং গত ১২ মাসে টানা খেলে যেতে পেরেছে। এটা আমাদের সবার জন্যই দারুণ তৃপ্তিদায়ক।
চ্যাপম্যান : মাশরাফি এখন নিজের শরীরের বিষয়টা অনেক ভালো বোঝে। এবং এও জানে যে কীভাবে এটাকে ঠিকঠাক রাখতে হয়। ফিজিও এবং আমার সঙ্গে ওর দারুণ সম্পর্ক। আমাদের সঙ্গে যোগাযোগটাও নিবিড়। শক্ত --- সামর্থ্য ছেলেটির প্রতিভা সহজাত। ও আপনাকে উইকেট এনে দেবে, রান করে দেবে, আবার ফিল্ডিঙটাও করবে জান দিয়ে। এসব করার জন্য সর্বোচ্চ পর্যায়ের ফিটনেস থাকা চাই। ভালো লাগছে গত ১২ মাস ও ইনজুরি ছাড়াই কাটিয়ে দিয়েছে বলে। ওর ফিটনেসের ব্যাপারে আমার পূর্বসূরী স্টুয়ার্ট কার্পিনেনের অবদানের কথাও অবশ্যই বলতে হবে।
তারা তিনজনে মিলে রীতিমতো একটা মাশরাফিনামাই যেন তৈরি করে ফেললেন। এমন একটা দিনে, যেদিনের সেশনের সঙ্গে বিষয়বস্তু একদম ‘খাপে -- খাপ’ মিলে যাচ্ছে। হ্যাঁ, সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৬ ঘন্টা ধরে হয়ে গেল বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। তাতে অবশ্য মাশরাফির মতো ছিলেন না বাঁ -- হাতি স্পিনার মোহাম্মদ রফিক, পেসার শাহাদাত হোসেন ও তাপস বৈশ্য এবং উইকেটকিপার মুশফিকুর রহিমও। দুজনই জ্বরে আক্রান্ত। অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাতে না পারা আফতাবের মতো ফিটনেস সেশনে যোগ দেননি তার শহরের নাফীস ইকবালও। নাফীস ইকবাল পড়েছেন হাঁটুর ইনজুরিতে।
ওই সেশনের বিরতিতে মিডিয়ার সামনে এসে আসন্ন জিম্বাবুয়ে সফর এবং বিশ্বকাপ নিয়েও কথা বললেন হোয়াটমোর,“এই দুটোর মধ্যে একটাকে বাদ দিয়ে আরেকটার কথা ভাবা মুশকিল। আমার মনে হয়, দুটোর কথাই ভাবা উচিত আমাদের। সময়ও তো বেশি নেই। জিম্বাবুয়ে থেকে ফেরার এক সপ্তাহের মধ্যেই আবার বিশ্বকাপ খেলার জন্য ছুটতে হবে।”
বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষনা করা হবে শিগগিরই। সেখানে হোয়াটমোরেরও কিছু প্রস্তাবনা থাকবে। স্বীকার করলেন, তার তালিকায় কিছু নতুন মুখও আছে। বিশ্বকাপে বাংলাদেশের গ্র“পে থাকা দুই প্রবল প্রতিপক্ষ সম্পর্কে মূল্যায়নও এসেছে তার কথায়,“ভারত সম্প্রতি ওয়ানডে সিরিজে ( দক্ষিণ আফ্রিকায় ) খুব বাজেভাবে হেরেছে। আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা কেমন করে তা দেখার জন্য। শ্রীলংকাও ভালো করছে। আসলে দুটো দলই ভালো। তারা যে কোনো কিছূ করার সামর্থ্য রাখে। কিন্তু আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নিজেদের সেরা কম্বিনেশন তৈরি করার কথাই ভাবছি কেবল।” অধিনায়ক হাবিবুল বাশারের মতো তার দৃষ্টিও বিশ্বকাপের সুপার এইটের দিকে। ফেলে আসা বছরের হিসাবের ভারী খাতাটাই কিন্তু সেদিকে দৃষ্টি ফেলার সাহস যোগাচ্ছে!
