২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত দিনেই শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট

মহাজোটের অবরোধ কর্মসূচী  নির্ধারিত দিনে কাই - অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করা নিয়ে জন্ম দিয়েছিল অনিশ্চয়তার। কিন্তু সোমবার বিকেলে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন অনিশ্চয়তাকে এক ফুৎকারে উড়িয়ে দেয়ার মতো করেই বললেন,“নির্ধারিত দিনেই প্রিমিয়ার ক্রিকেট শুরু করছি আমরা।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কিন্তু দিন দুয়েক আগেও এ ব্যাপারে তাকে সন্দিহান মনে হয়েছিল! প্রসঙ্গটা তুলতেই জামিল উদ্দিন বললেন,“১০ তারিখে তো  অবরোধ নেই। তাই ওইদিন প্রিমিয়ার লিগ শুরু করতে কোনো বাধা নেই।” কিন্তু দেশের চলমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট নিশ্চিন্ত হওয়ার সুযোগও তো দিচ্ছে না। অবরোধ কর্মসূচী আসতেও পারে আরো। সেজন্যই মঙ্গলবার সিসিডিএমের বৈঠক ডেকে ক্লাবগুলোর কোর্টে বল ঠেলে দেওয়ার ইচ্ছা তার,“আগামীকাল (মঙ্গলবার) আমরা মিটিং করবো। অবরোধ যদি আবারো দেওয়া হয় সেক্ষেত্রে কী করা যেতে পারে, সে বিষয়ে ক্লাবগুলোর মতামত জানতে চাইবো। তারা যদি বলে লিগ বন্ধ রাখতে, তাহলে রাখবো। আর যদি বলে বিকল্প উপায়ে চালাতে, তাহলে সেরকম ব্যবস্থা নিতে হবে।” বিকল্প মানে হচ্ছে ম্যাচের আগেরদিন ভেন্যূর কাছাকাছি কোনো হোটেলে গিয়ে অবস্থান। তবে এটা লিগ শুরু হওয়ার পরের    চিন্তা। তার আগে শুরুটা হচ্ছে উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস ও ইয়াং পেগাসাসের ম্যাচ দিয়ে। দিনের অন্য দুটো ম্যাচে রানার্স আপ সোনারগাঁ ক্রিকেটার্স খেলবে পারটেক্সের সঙ্গে আর ভিক্টোরিয়ার প্রতিপক্ষ ইন্দিরা রোড ক্রীড়া চক্র।