টেস্ট সিরিজও মিস করতে পারেন ইউসুফ
মাত্র ক’দিন আগেই ৩০ বছরের পুরনো একটা রেকর্ড ভেঙ্গেছেন। এক মৌসুমে সবচেয়ে বেশী টেস্ট রান - ভিভ রিচার্ডসের দখল করে রাখা এ জায়গাটায় বসেছেন মোহাম্মদ ইউসুফ। দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন তিন টেস্টের সিরিজে সাফল্যপ্রত্যাশী পাকিস্তান তাই তাকিয়ে ছিল তার দিকেই। কিন্তু ১১ জানুয়ারি থেকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তো নয়ই, এমনকি পুরো টেস্ট সিরিজই ইউসুফ মিস করতে পারেন - এমন দু:সংবাদও হয়তো অপেক্ষা করে আছে পাকিস্তান শিবিরের জন্য।
তার একান্ত ব্যক্তিগত সমস্যাই বাঁধা হয়ে দাড়িয়েছে এক্ষেত্রে। পাকিস্তান দল দক্ষিণ আফ্রিকায় পৌছে গেলেও ইউসুফের রওনা হওয়ার কথা ছিল সোমবার। কারণ, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর ধর্মকর্মেও বেশ মনোযোগী হওয়া এই ব্যাটসম্যান সৌদি আরবে পবিত্র হজ্জ্বব্রত পালন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে সোমবার দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরতে পারছেন না নিশ্চিত। কেননা এ মাসের ১২ থেকে ১৯ তারিখের মধ্যে সন্তানের জন্ম দিতে যাওয়া তার স্ত্রী ভুগছেন মাতৃত্বকালীন জটিলতায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন,“ইউসুফের স্ত্রীকে মাতৃত্বকালীন জটিলতার ভেতর দিয়ে যেতে হচ্ছে। ১২ অথবা ১৯ জানুয়ারি তার অস্ত্রোপচার হওয়ার কথা। সে কারণে প্রথম টেস্টে ইউসুফ অনিশ্চিত।”
অনিশ্চয়তা আছে সিরিজের শেষ দুটো টেস্টে খেলা নিয়েও। যদিও মোহাম্মদ ইউসুফের সঙ্গে কথা বলার পর পিসিবি এক বিবৃতিতে বলেছে,“মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় তার স্ত্রীর পাশে থাকা প্রয়োজন। অস্ত্রোপচার কবে হবে তা নির্ভক করে তার স্ত্রীর শারীরিক অবস্থার ওপর। সেটা হতে পারে এমাসের ১২ অথবা ১৯ তারিখে। যদি ১২ তারিখে হয়েই যায় তাহলে তিনি দক্ষিন আফ্রিকা রওনা হবেন ১৪ জানুয়ারি। আর অস্ত্রোপচার ১৯ তারিখে হলে যাবেন ২১ জানুয়ারি।” কিন্তু দ্বিতীয় টেস্টও মিস করলে পিসিবি তাকে তৃতীয় এবং শেষ টেস্টে খেলানোর ঝুঁকি না নেয়ারই পক্ষে বলে জানিয়েছে পাকিস্তান দলের ঘনিষ্ঠ একটি সূত্র,“যদি তিনি দুটো টেস্টই মিস করেন তাহলে কোনো প্র্যাকটিস ছাড়া তাকে শেষ টেস্টে খেলানোর কোনো মানে নেই। এতে তার জন্য কাজটা কঠিনও হয়ে যেতে পারে।”
দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ জানুয়ারি। প্রসঙ্গত স্ত্রীর অসুস্থতার কারণে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষেও ওয়ানডে সিরিজের দুটো ম্যাচ মিস করেছিলেন ইউসুফ। গত বছর টেস্টে ১৭৮৮ রান করার রেকর্ডই শুধূ নয়, ১১ টেস্টে ৯টি সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছেন ইউসুফ। তাই তুলনামূলক দুর্বল ব্যাটিং লাইন আপে তার অনুপস্থিতির আশঙ্কা পাকিস্তান শিবিরে দুশ্চিন্তার বুদবুদ তুলবে এটাই স্বাভাবিক। এছাড়া পাকিস্তানের জন্য খারাপ খবর আছে আরো। অবশিষ্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে অ্যাঙ্কেলের সমস্যার জন্য তিন ওভারের বেশী বল করতে পারেননি গত ছয় মাসে পাকিস্তানের সেরা বোলার ওমর গুল। কোচ বব উলমার অবশ্য জানিয়েছেন প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন তিনি। ওদিকে অ্যাংকেল ইনজুরির জন্য কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন শোয়েব মালিক। অলরাউন্ডার আব্দুর রাজ্জাক তো আগেই টেস্ট সিরিজের জন্য বিবেচনার বাইরে চলে গেছেন। বুকের ইনফেকশনের জন্য ওয়ার্ম আপ ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে না পারা ইনজামাম উল হকের সমস্যা গুরুতর নয় বলেই জানিয়েছেন কোচ উলমার।
