২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরসূচী চূড়ান্ত

বিশ্বাকাপের আগে জিম্বাবুয়ে সফর চূড়ান্ত হয়ে ছিল আগেই। বাকী ছিল সফরসূচী চূড়ান্ত হওয়া । সেটাও হয়ে গেছে। চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হাবিবুল বাশারের দল জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবে ৩১ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারেতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 06:19 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

১ ফেব্র“য়ারি হারারে পৌঁছানোর পর দুদিন বিশ্রাম ও প্র্যাকটিসে কাটাবে বাংলাদেশ দল। এরপর আসল লড়াই শুরু ৪ তারিখ। সেদিন প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৬, ৯ এবং ১০ ফেব্র“য়ারি। শেষ ম্যাচের পরদিনই হারারে ছাড়বেন হাবিবুলরা।

ফেরার পর অবশ্য খুব বেশি দিন দেশে থাকার সুযোগ হবে না তাদের। ১৯ ফেব্র“য়ারি আবার বিশ্বকাপের প্রস্তুতির জন্য অ্যান্টিগার উদ্দেশে রওনা হয়ে যেতে হবে। সেখানে কানাডা ও বারমুডার সঙ্গে দুটো ওয়ানডে খেলার পর বার্বাডোজে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ঘাঁটি গাড়বেন তারা। প্রস্তুতি ম্যাচ দুটোর প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ড। এরপর বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের গ্র“প ম্যাচগুলোর ভেন্যু ব্রায়ান লারার ত্রিনিদাদ।