ওয়ার্নের জায়গায় তাহলে ম্যাকগিলই!
“ভুল সময়ে জন্ম হয়েছিল আমার-- ক্রিকেটমনস্ক পাঠকমাত্রই ধরে ফেলবেন কথাটা আকিব জাভেদের। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার সবসময়ই ‘টু ডাব্লিউ’ ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের ছায়ায় ঢাকা পড়ে থেকেছেন। জনসম্মুখে কখনো না বললেও এমন আতেœাপলদ্ধি নিশ্চয়ই ছিল স্টুয়ার্ট ম্যাকগিলেরও। অস্ট্রেলিয়া দলে শেন ওয়ার্ন নামের একজন চ্যাম্পিয়ন লেগস্পিনারের উপস্থিতি তার ক্যারিয়ারটাকে বিকশিত হওয়ার সুযোগই দেয়নি বলা চলে। সেজন্যই তার খেলা টেস্টের সংখ্যা মাত্র ৪০। তবে এরমধ্যেই ১৯৮ উইকেট এই লেগস্পিনারের সামর্থ্যরেই প্রতিচ্ছবি। তাই ওয়ার্নের শূন্যস্থানে ম্যাকগিলকে বসানোর ভাবনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ওয়ার্নের বিদায়ে ভবিষ্যতের জন্য নতুন স্পিনার তৈরীর চিন্তা থাকলেও নির্বাচকরা আবার এটাও বলছেন যে অভিজ্ঞ ম্যাকগিলও হতে পারেন ‘বেস্ট চয়েস’।
অবশ্য অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট সিরিজ আগামী নভেম্বরে। তার আগে নির্বাচকরা ভাবনার অনেক আঁকিবুকিই খেলবেন। কিন্তু প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচের কথায় ম্যাকগিল আলাদা জায়গা করে নিচ্ছেনই,“কোনো সন্দেহ নেই ওয়ার্নের শূন্যস্থান পূরণ করাটা হবে খুবই কঠিন একটা কাজ। লম্বা সময় ধরে ও আমাদের অনেক, অনেক টেস্ট ম্যাচে জিতিয়েছে।”
“আমাদের সৌভাগ্য যে, ম্যাকগিল ছিল এবং এখনো আছে। টেস্টের জন্য সে সত্যিই খুব ভালো একজন লেগস্পিনার। পরবর্তী সিরিজের আগে সে অবশ্যই বিবেচনায় আসতে যাচ্ছে। যদি সে ফিট থাকে এবং ভালো বোলিং করে যেতে থাকে, তাহলে অবশ্যই ওর কথা ভাবতে হবে আমাদের।”
হিলডিচের বক্তব্যে এখন নতুন করে অনুপ্রেরনা খুঁজে পেতে পারেন ম্যাকগিল। কেননা স্পিন সহায়ক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হওয়া এবারের অ্যাশেজের শেষ টেস্টের দল থেকে বাদ পড়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেল কিনা, তা নিয়েই শুরু হয়ে গিয়েছিল কানাঘুষা। কিন্তু হিলডিচ সেসবকে একদমই উড়িয়ে দিয়েছেন। এবং অন্যরকম একটা ব্যাখ্যাই দিয়েছেন তিনি। তিন পেসার গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি এবং স্টুয়ার্ট ক্লার্কের অসাধারন বোলিংকেই এর কারণ বলছেন হিলডিচ,“স্টুয়ার্টের না খেলার কারণ আমরা তিনজনের পেস অ্যাটাক নিয়ে খেলতে চেয়েছিলাম অ্যাশেজ পুনরুদ্ধারে যা দারুণ ভূমিকা রেখেছে।
অ্যাশেজে যেমন খেলেছে, ইংল্যান্ডের ব্যাটিং তার চেয়ে অনেক ভালো। আমাদের বোলিংয়ের কারণেই তাদের ব্যাটিংটাকে এমন মনে হয়েছে।”
