জাতীয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট সোমবার
রাজনৈতিক অস্থিতিশীলতা বাঁধা হয়ে না দাঁড়ালে ১০ জানুয়ারিই শুরু হয়ে যাচ্ছে কাই --- অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লীগ। তার দুদিন আগেই সোমবার জাতীয় ক্রিকেটারদের নিয়ে নেমে পড়ছেন কোচ ডেভ হোয়াটমোর।
জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডের সঙ্গে সিরিজ শেষ হওয়ার পর শিষ্যদের আর সেভাবে দেখা হয়ে ওঠেনি তার। সামনে আবার জিম্বাবুয়ে সফর এবং বিশ্বকাপ ক্রিকেট। তাই এখন হাবিবুল বাশারদের ফিটনেসের কী অবস্থা সেটাই দেখে নিতে চাইছেন তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে সকাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব চুক্তিভুক্ত ক্রিকেটারের ফিটনেস টেস্ট নেয়া হবে।
সোমবারের এই সেশনেই ঠিক করা হবে পরবর্তী করনীয়। বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার তেমনই জানিয়েছেন,“প্রথমদিন আমাদের ফিটনেস টেস্ট হবে। একদিন পরই আবার প্রিমিয়ার ক্রিকেট লীগও শুরু হয়ে যাচ্ছে। আসলে খেলার মধ্যে থাকলে তেমন কিছু করারও নেই। তবে সবাইকেই কিছু কাজ দিয়ে দেওয়া হবে। খেলার ফাঁকে ফাঁকে সবাই তা নিজের মতো করে করবে।”
