জয়ের আশা করতেই পারে দক্ষিন আফ্রিকা
বোলারদের সামনে আবার কঠিন পথ। সহজ হতে পারতো পথটা, কিন্তু ব্যাটসম্যানরা তা দিলেন না। শচীন টেন্ডুলকার (১৪), বীরেন্দর শেবাগ (৪), ওযাসিম জাফর (২), ভিভিএস লক্ষনদের (১) ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে অল আউট হয়ে গেছে ভারত। ২১০ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৫৫ রান করে ফেলেছে দক্ষিন আফ্রিকা।
শুক্রবার প্রথম ইনিংসের ৪১ রানের লিডের সঙ্গে মাত্র ৬ রান যোগ করেই শেবাগকে হারায় ভারত। দুই বল পর বল ছাড়তে গিয়ে অদ্ভুতভাবে ক্যাচ তুলে ওই ৬ রানেই বিদায় নেন জাফর! অধিনায়ক রাহুল দ্রাবিড় (৪৭) সৌরভ গাঙ্গুলীকে (৪৬) সঙ্গে নিয়ে সেই বিপদ অনেকটাই কাটিয়ে উঠেছিলেন। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর প্রথমে গাঙ্গুলি আর তারপর দ্রাবিড় ফিরে গেলে আবার শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরার মিছিল।
এক রান নিয়ে অসম্ভব দ্বিতীয় রানটি নিতে গিয়ে রান আউট হয়ে যান ভিভি এস লক্ষন (১)। নিজেকে বেশি গুটিয়ে নেওয়া শচীন টেন্ডুলকার ৬২ বলে ১৪ রান করার পর শিকার হন আম্পায়ার আসাদ রউফের ভুল সিদ্ধান্তের। শন পোলকের বলে এলবিডব¬ু হয়েছেন টেন্ডুলকার। টিভির অ্যাকশন রিপ্লেতে দেখা গেছে বলটি পরিস্কার লেগ স্টাম্প মিস করছিল । টেন্ডুলকারকে হারানোর সময় ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১২১ রান। সেখান থেকে ১৬৯ পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে দীনেশ কার্ত্তিকের অপরাজিত ৩৮ রানের ইনিংসটির জন্য। কুম্বলে (৬), জহীর (১), শ্রীশান্ত (৪), মুনাফ প্যাটেলরা (০) তাকে মোটামুটি সঙ্গ দিতে পারলেই হয়তো ২৪০ --- ২৫০ রানের টার্গেট দিতে পারত ভারত। এ ইনিংসে দক্ষিন আফ্রিকার সবচেয়ে সফল বোলার স্টেইন। ৩০ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি।
জয়ের সহজ লক্ষ্যই এখন কিছুটা কঠিন এবি ডি ভিলিয়ার্স (২২) আর হাশিম আমলা (১০) আউট হয়ে যাওয়ায়। তবে অধিনায়ক গ্রায়েম স্মিথ (২১*) আবারও ভালো ব্যাট করছেন। ক্যালিস, গিবস, প্রিন্স, বাউচার, পোলকরা এখনো আছেন। তাই পাল্লাটা এখন প্রোটিয়াদের দিকেই হেলে।
