২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোথায় যাবেন ডেভিড বেকহাম?

২০০৬ সাল শেষ। শুরু হয়ে গেছে নতুন বছর। ডেভিড বেকহামের জন্য অবশ্য ২০০৭ কোনো সুখের বার্তা নিয়ে আসেনি। বছর শুরুর সঙ্গে সঙ্গেই বেকহাম পরেছেন দুশ্চিন্তায়। চাইলে এখন নিজের নতুন ঠিকানা ঠিকই ঠিক করে নিতে পারেন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ ফুটবলার। প্রশ্ন হচ্ছে, কোন ঠিকানায় যাবেন ডেভিড বেকহাম?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে গিয়ে বেকহাম বলেছিলেন, “ এই ক্লাবে খেলেই ক্যারিয়ারে ইতি টানতে চাই আমি।”

তখন তার মনে হয়েছে রিয়াল ছেড়ে অন্য কোথাও খেলতে যাওয়া মানে অবনমন। কে চায় বড় দল থেকে ছোট দলে যেতে? রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড় ক্লাব কিনা এ নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে বার্নাব্যুর এই ক্লাবেই বসেছে সবচেয়ে বড় তারকাদের মেলা  -- এ সত্যের নিশ্চয়ই কেউ বিরোধিতা করবেন না! জিদান ছিলেন, রোনালদো নি®প্রভ হয়ে গেলেও আছেন এখনো, আরো আছেন রবার্তো কার্লোস, রাউলদের মতো তারকারা। এদের একজন হতে পারা যে কোনো ফুটবলারের জন্যই গর্বের। বেকহামেরও একই অনুভুতি ছিল তখন। সে অনুভুতি এখনো অপরিবর্তিত। তবে দলে নিজের অবস্থা বদলেছে।

অনেক দিন ধরেই রিয়ালের প্রথম একাদশে জায়গা হয় না তার। তার মানে এই নয় যে, রিয়াল এক্ষুনি বিদায় করতে চায় তাকে। বেকহামের বানিজ্যিক মূল্যের কথা ভেবে এখনো তাকে রাখতে চায় তারা। কিন্তু এত বড় তারকা ফুটবলার হয়ে সাইড বেঞ্চে বসে থাকা  - ক্যারিয়ারের শেষ প্রান্তে এ অবস্থা কি বেকহাম মেনে নিতে  পারবেন?

মানতে না পারলে কী করতে পারেন? সোজা হিসেব --- দল বদলাও। কোথায় যাবেন? ইংল্যান্ডে? অ্যালেক্স ফার্গুসন থাকতে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা হচ্ছে না তার। চেলসি তার ব্যাপারে আগ্রহী নয়। আর্সেনালে তার জায়গা হতে পারতো, কেননা, গানার্স কোচ আর্সেন ওয়েঙ্গার তার ভক্ত। কিন্তু বেকহামের আর্থিক চাহিদা পূরণ করতে ক্লাব কর্তৃপক্ষ রাজি হবে বলে মনে হয় না। টটেনহাম হটস্পারে বেকহামের যে সুযোগ ছিল তা -- ও নেই। সেখানে উইঙ্গার হিসেবে নিয়ে নেওয়া হয়েছে অ্যারন লেননকে। তার মানে, ইংলিশ লিগে খুব সম্ভবত ঠাঁই হচ্ছে না ডেভিড বেকহামের!

তাই বলে সব পথ বন্ধ ভাববেন না। ইতালিও হতে পারে বেকহামের পরবর্তী ঠিকানা। বিশেষ করে ইন্টার মিলানের কড়াটা তো নেড়ে দেখা যেতেই পারে। সাম্প্রতিক বছরগুলোতে রিয়াল --  ছাড়া বেশ ক’জন খেলোয়াড়েরই আশ্রয় হয়েছে ইন্টার। সেখান থেকে লুইস ফিগোর বিদায়  প্রায় নিশ্চিত। তার পজিশনে বেকহামকে নিতেই পারে ইন্টার মিলান।

অবশ্য স্পেনের পর আরেকটি নতুন ভাষা আর সংস্কৃতির দেশে মানিয়ে নিতে বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম চাইবেন কিনা সেটাও একটা প্রশ্ন। না চাইলে আছে এশিয়া। এখানে বেকহামের তুমুল জনপ্রিয়তা। প্রাচ্য বা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কিছু ক্লাব হয়তো যত খুশি টাকা ঢালতেও রাজি হবে বেকহামের পেছনে। তবে এখানে বেকহাম নিজেই পড়ে যেতে পারেন সমস্যায়। বড় কোনো চ্যালেঞ্জ নেই বলে প্রেরণার অভাব বোধ করতে পারেন এ অঞ্চলে।

সেক্ষেত্রে সেরা আশ্রয়, আদর্শ ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট। অবাক হলেন? কেন পেলে, বেকেনবাওয়ার, জর্জ বেস্ট, য়্যুহান ক্রুইফ, ববি মুরদের মতো খেলোয়াড়েরা কি ওখানে খেলে ক্যারিয়ারের ইতি টানেননি? তাদের পাশে নাম লেখানোয় অন্য রকম একটা সম্মান তো আছেই। এর বাইরে আরেকটা কথাও ভাবতে পারেন ডেভিড বেকহাম। পেলেদের উপস্থিতি যুক্তরাষ্ট্রের ফুটবলকে রাতারাতি নতুন কোনো উচ্চতায় তুলে দেয়নি। বেকহাম প্রথম ফুটবলার হিসেবে যুক্তরাজ্যের বাজারে তোলপাড় তুলে সেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে দেখতেই পারেন।