তারপরও সেরা থাকবে অস্ট্রেলিয়া : রিকি পন্টিং
একই ভেন্যু, একই তারিখই শুধু নয় -- মিল আছে আরো একটা। ২৪ বছরের পার্থক্যে ৫ জানুয়ারি এসসিজিতে ( সিডনি ক্রিকেট গ্রাউন্ড) একইসঙ্গে বিদায়ের বিউগল বাজিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের তিনজন করে ‘কালজয়ী’ ক্রিকেটার। ২০০৭ --- এর ৫ জানুয়ারি, শুক্রবার থেকে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের পাতায় পাতায় শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং জাস্টিন ল্যাঙ্গারদের বিছিয়ে আসা মণি --- মুক্তোর খোঁজই মিলবে শুধু। কারণ, তারা এখন অতীত। আর ১৯৮৩ --- ৮৪ তে একই দিনে ‘বিদায় ক্রিকেট’ বলেছিলেন ডেনিস লিলি, রডনি মার্শ এবং গ্রেগ চ্যাপেলরা। তাদের বিদায়ের পরের পাঁচবছর কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দু:সহ একটা সময়ই গেছে অস্ট্রেলিয়ার।
এবার ওয়ার্ন, ম্যাকগ্রা ও ল্যাঙ্গারের বিদায় কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ডেকে আনবে? তাহলে কি বিশ্বের এক নাম্বার দলের রাজমুকুটটা হারাতে চলেছে অস্ট্রেলিয়া? ৮৬ বছর পর ইংল্যান্ডকে অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ করার পর থেকেই উচ্চারিত হতে শুরু করেছে এসব প্রশ্ন। অবশ্য অধিনায়ক রিকি পন্টিং প্রশ্নের জবাবে আতœবিশ্বাসের সঙ্গেই ‘না’ বলে দিতে পারছেন। তার বিশ্বাস ওই তিন গ্রেটের বিদায়জনিত শুন্যতা পূরণ করে দিতে সক্ষম নতুনরা।
এই নতুন কারা? উত্তর মিলেছে এ প্রশ্নেরও। সদ্যসমাপ্ত অ্যাশেজ সিরিজের পার্থ টেস্টে অস্ট্রেলিয়ান স্কোয়াডে জায়গা করে নেওয়া অ্যাডাম ভোগস, বোলার মিশেল জনসন এবং বেন হিলফেনহসকে ওয়ার্ন, ম্যাকগ্রা আর ল্যাঙ্গারদের জায়গায় কল্পনা করে আশাবাদীই হয়ে উঠতে শুরু করেছেন বলে দাবি রিকি পন্টিংয়ের। এবার অ্যাশেজে ৫ --- ০ করার পরপরই সিরিজে দুটো সেঞ্চুরি করা মাইকেল ক্লার্কের সঙ্গে কথা বলে একটা তাগিদও দিয়েছেন,“পরের বারও অ্যাশেজে একই ফলের জন্য আমরা যাতে নিজেদের সেরাটা ঢেলে দিতে পারি, সেটা নিশ্চিত করো।” সেই সঙ্গে তিনি আরো যোগ করে দিচ্ছেন, “পরের কয়েকটা বছরে আশা করছি আমি, ক্লার্ক এবং হাসি --- আমরাই দেশকে নেতৃত্ব দেব। আমি এটাকে দারুণ রোমাঞ্চকর একটা সময় হিসেবেই দেখছি।” নতুনদের ব্যাপারে তার বক্তব্য খুব পরিষ্কার,“তারা খূব একটা অপরিচিত কিন্তু নয়। পরবর্তী প্রজন্মের ব্যাপারে আমার ধারণাও ভালো। আর দলে যখনই তরুণ খেলোয়াড়রা ঢুকবে, পুরো দল দল তখন কিছুটা উজ্জীবিত বোধ করবে।তাই নিজের দলটাকে আধিপত্য বিস্তার করে যাওয়া দল হিসেবেই দেখতে পাচ্ছি আমি।”
পন্টিংয়ের সঙ্গে একমত শেন ওয়ার্নও। তার বিদায় অস্ট্রেলিয়ার জয়রথের সচল চাকাকে অচল তো নয়ই, বরং ধীর গতিরও করে দিতে পারবে না বলে স্থির বিশ্বাস এই চ্যাম্পিয়ন লেগস্পিনারের। বিশ্বের দ্বিতীয় সেরা দলের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবধানও যোজন --- যোজন বলে মনে হয় তার। লিলি, মার্শ ও চ্যাপেলের বিদায় -- পরবর্তী সময় ফিরে আসবে, এমন ধারণায় সায় দিতে একদমই অনিচ্ছুক ওয়ার্ন ,“আমাদের দারুণ সৌভাগ্য যে প্রতিভা তৈরীর জন্য অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেট দারুণ একটা ক্ষেত্র। সেখানে দারুণ কিছু খেলোয়াড় আছে।” বিয়ারের ক্যান হাতে এই পরিচিত দৃশ্য দেখার জন্যও মুখিয়ে থাকবেন বলে জানাচ্ছেন ওয়ার্ন ,“নির্বাচকরা কোন পথে যান সেটা দেখার জন্য দারুণ সময়। আমাদের জায়গায় তারা ৩০ বছর বয়সী কয়েকজনকে নেবেন নাকি তরুনদের দিকে হাত বাড়াবেন? টেস্ট দলে কয়েকজন তরুন ক্রিকেটারকে সুযোগ দেওয়ারও সময় এটা। এখন দল সাফল্যের মধ্যেই আছে এবং দ্বিতীয় সেরা দলের সঙ্গে ব্যবধানও অনেক। আমি নিশ্চিত, অস্ট্রেলিয়া ভালো ক্রিকেট খেলতে থাকবে এবং জিততেই থাকবে।”
