৮৬ বছরের ‘ইতিহাস বন্ধ্যাত্ব’ ঘূচালো অস্ট্রেলিয়া
কখনো কখনো আনন্দের সর্বোচ্চ প্রকাশটা হয় কান্নার মাধ্যমে। শুক্রবার সিডনিতে অস্ট্রেলিয়ানদের প্রাপ্তির পেয়ালা কানায় কানায় ভরিয়ে নেওয়া সকালটায় আনন্দ প্রকাশের মাধ্যম হয়ে গেল সেই কান্নাই। খোদ ব্রেট লি এসে তা জানিয়ে গেছেন মিডিয়াকে,“আমাদের কারো চোখই শুকনো ছিল না।”
থাকবে কী করে? শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং জাস্টিন ল্যাঙ্গার --- এই তিন গ্রেটকে একই সঙ্গে বিদায় জানানোর মতো মন খারাপ করা অনুভূতি ছাপিয়ে তাদেরকে দলীয় প্রাপ্তির চূড়া ছোঁয়া আনন্দেও যে ভাসানো গেল। বিদায় বেলায় তাই ল্যাঙ্গার বলেই ফেললেন,“৫ --- ০, উফ! এরচেয়ে ভালো কিছু হতেই পারতো না।” নিজের দুই সন্তান জেমস এবং হলিকে কাঁধে নিয়ে হোমগ্রাউন্ড সিডনিতে বিদায়ী প্যারেডে নামা ম্যাকগ্রার অনুভূতি প্রকাশের ভাষাটা ছিল এরকম,“মনে হয় না কখনো আমরা এতোটা দলীয়ভাবে খেলেছি।” আর হ্যাঁ, নিজের তিন সন্তানকে নিয়ে মাঠে নেমে পড়া শেন ওয়ার্নের কথা তো বলাই হলো না। বিস্ময়ভরা দৃষ্টি নিয়ে সর্বকালের সেরা লেগস্পিনার বলছিলেন,“৫ --- ০ তে শেষ করা অসাধারণ।”
৫ --- ০, অ্যাশেজ সিরিজে এই ‘ম্যাজিকাল উইনিং মার্জিন’ অস্ট্রেলিয়ানদের কাছে অধরা স্বপ্নের সমার্থক হয়েই ছিল ৮৬ বছর ধরে। ১৯২০ --- ২১ সালে ওয়ারউইক আর্মস্ট্রংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ডকে। এরপর অনেক সিরিজেই নিজেদের আধিপত্যের গল্প লিখেছে বটে, কিন্তু ওই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিলই না। এবার ‘বক্সিং ডে’ টেস্টে জেতার পর রিকি পন্টিংকে তার সঙ্গী হওয়ার জন্য হাতছানি দিয়েই ডাকছিলেন যেন আর্মস্ট্রং। সিডনি টেস্টের প্রথম তিনদিনেই ইতিহাসের চৌকাঠে গিয়ে দাঁড়ান অস্ট্রেলিয়ান অধিনায়ক। সেটা পেরুনোর জন্য দুটো পুরো দিন ছিল তার হাতে। কিন্তু চতুর্থদিনের সকালে দুই ঘন্টারও কম সময়ে ১০ উইকেটের জয় তুলে নিয়ে এসসিজিতে ‘উইনিং ল্যাপ’ দিতে শুরু করল অস্ট্রেলিয়া।
স্বল্প সময়ে অল্প দূরের লক্ষ্যে অস্ট্রেলিয়াকে দ্রুত পৌঁছে দেয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা নাম কিন্তু ম্যাকগ্রাই। টেস্ট ক্রিকেটে নিজের শেষ দিনে এই পেসার তুলে নিয়েছেন তিন উইকেট। শেষ ইনিংসে ২১ ওভারে ৩৮ রানে তিন উইকেট নিয়ে (ম্যাচে ৬ উইকেট, এই সিরিজে ২১ উইকেট এবং ১২৪ টেস্টের ক্যারিয়ারে ৫৬৩ উইকেট) ক্যারিয়ারের যতি টানা ‘দি পিজিয়ন’ এদিন তার তৃতীয় বলেই আঘাত হানেন। ইংলিশদের ‘শেষ আশা’ কেভিন পিটারসেনকে (২৯) গিলক্রিস্টের ক্যাচ বানান। তখন আগেরদিনের ৫ উইকেটে ১১৩ রানের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করতে পেরেছে ইংল্যান্ড। ওই রানেই ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে অ্যান্ড্রু সাইমন্ডসের সরাসরি থ্রোতে নাইটওয়াচম্যান মন্টি পানেসারও (০) রানআউট। এই রানআউটের দায়টা অবশ্য একটু পরেই ব্রেট লি’র (৩/৩৯) বলে পন্টিংকে ক্যাচ দিয়ে যাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান ক্রিস রিডের (৪)। এরপর ম্যাকগ্রা সাজিদ মাহমুদকে (৪) বোল্ড করার পর থেকে তার সঙ্গে একটা লড়াইও শুরু হয়ে যায় শেন ওয়ার্নের। সেটা ইংল্যান্ডের শেষ উইকেট তুলে নেয়ারই শুধু নয়, নিজেদের ক্যারিয়ারের শেষ উইকেট নেয়ারও।
লড়াইয়ে ওয়ার্নি প্রায় জিতেই যাচ্ছিলেন। স্টিভ হার্মিসনকে (১৬*) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছিলেন। কিন্তু নানা কোণ থেকে রিপ্লে দেখে থার্ড আম্পায়ার পিটার পার্কার পাঁচ মিনিট পর জানান ‘নট আউট’। এরপর ম্যাকগ্রার বলে জেমস অ্যান্ডারসনের (৫) ক্যাচ দ্বিতীয় স্লিপে দাঁড়ানো ওয়ার্নের একটু সামনে পড়ে। অবশ্য তার বলেই মিডউইকেটে মাইক হাসি সহজ ক্যাচ নেন অ্যান্ডারসনের। সঙ্গে সঙ্গেই মাত্র ১৪৭ রানে গুঁটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য মাত্র ৪৬ রানের অপেক্ষাটা ১০.৫ ওভারেই শেষ করে দেন ম্যাথু হেইডেন (২৩*) এবং ল্যাঙ্গার (২০*)। গোটা সিরিজে ১৭.০৩ গড়ে ২৬ উইকেট নেয়া পেসার স্টুয়ার্ট ক্লার্ক এই টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচের সেরা। আর সিরিজের সেরা? আর্মস্ট্রংয়ের পাশে নিজের নামটা টুকে ফেলা রিকি পন্টিং। প্রাপ্তির পেয়ালা কানায় কানায় ভরিয়ে নেওয়ার ব্যাপারটা পূর্নতা পাচ্ছে এখানেই!
