২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল কোচদের চাওয়া-পাওয়া এবং না পাওয়ার কথা

দেশের ফুটবল পেশাদারীত্বের জগতে পা রাখলেও ফুটবল - কোচিং এখনো সেই মানের কোনো পেশা নয় ! পেশা হিসেবে কোচদের সম্মান - সম্মানীর জায়গায় যেমন গলদ আছে তেমনি প্রশ্ন তোলা যায় কোচদের কোচিং মান নিয়েও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

অথচ এই দেশের ফুটবল ঐতিহ্য বেশ পুরোনো এবং সমৃদ্ধ। সেই সোনালী অতীতের সবচেয়ে বড় তারকা এবং এখনো বাংলাদেশের ফুটবলের বড় বিজ্ঞাপন কাজী সালাউদ্দিন, যিনি নিজের খেলোয়াড়ী জীবনের চেয়ে কোচিং --- ক্যারিয়ারটাকে এগিয়ে রাখতে পছন্দ করেন, “আমার তো মনে হয় কোচ হিসেবে আমি অনেক বেশি সফল। দেশের সর্বোচ্চ পর্যায়ে এমন কোনো ট্রফি নেই যা আমি জিতিনি। কিন্তু তখন এটাকে পেশা হিসেবে নেওয়ার মতো অবস্থা ছিল না।” এখন? “সবকিছুর মূলে হচ্ছে ফুটবল খেলা। সেই খেলাটাই যদি নিয়মিত না হয় তখন কীভাবে কোচিংয়ের মতো ব্যাপারগুলোর উন্নতি হবে?” প্রশ্ন রেখেছেন সাবেক ফুটবল কোচ কাজী সালাউদ্দিন।

ফুটবলের প্রধান অনুষঙ্গ হচ্ছে ফুটবলার। তাদের যখন ফুটবল লিগের দাবিতে আন্দোলন করতে হয়, তখন কোচিং ও কোচদের উন্নতির চিন্তা ঠিক সময়ের সঙ্গে যায় না। আর যখন নিয়মিত ফুটবল টুর্নামেন্ট হতো তখন ক্লাবগুলোতে কোচদের সেরকম গুরুত্ব ছিল না। জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু অন্তত তাই মনে করেন, “আমাদের দেশের ক্লাবওয়ালাদের ধারনা, কোচিং করানো এমন কোনো ব্যাপার নয়। এটা সবাই পারে। কোচরা গুরুত্বহীন ছিল বলেই এই জায়গাটায় সেরকম কোনো উন্নতি হয়নি।” যারা নিজের তগিদে বাইরে থেকে ট্রেনিং করে এসেছিলেন তারাও উৎসাহ হরিয়ে ফেলেছেন ফুটবল ফেডারেশনের নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায়। গোলাম সারোয়ার টিপু, আব্দুস সাদেক, শামসুজ্জোহা চাঁদ, মোতালেব হেসেন, আনোয়ারুল হক পান্না, নুরুল হক, কাজী সাত্তাররা জার্মানী থেকে এ --- লাইসেন্স কোর্স করে এসেছিলেন অনেক আগে। কিন্তু দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার উদাসীনতা ও ক্লাবগুলোর নেতিবাচক মনোভাবের কারণে তাদের অনেকেই উৎসাহ হারিয়ে এখন অন্য পথের যাত্রী।

মজার ব্যাপার হচ্ছে, প্রথমবারের মতো পেশাদার লিগ হতে যাচ্ছে অথচ দেশে কোনো এএফসির এ -- লাইসেন্সধারী কোচ নেই। জার্মান এ---- লাইসেন্সের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে, এটা এশিয়ার মধ্যে ফুটবল প্রশিক্ষণের জন্য স্বীকৃত একটি পাঠ্যসূচী যা সি---- লাইসেন্স থেকে শুরু হয়। খেলা ছাড়ার পর সাধারণত খেলোয়াড়রাই এ লাইনে নতুন করে ক্যারিয়ার গড়তে পারেন। কিন্তু তাদের আগ্রহ হারিয়ে ফেলার কারণ কি? কারণগুলো শুনুন সাবেক জাতীয় কোচ গোলাম সারোয়ার টিপুর মুখে, “এটা আর্থিকভাবে নিরাপদ জায়গা নয়। এই পেশায় সম্মান ও সম্মানী সেভাবে নেই বললেই চলে। তাছাড়া কোচদের সামাজিক অবস্থানও তত ভাল নয়। এসব কারণেই কেউ এদিকে আগ্রহ নিয়ে আসে না। ”

সম্মানের বিষয়টাকে কোচ শফিকুল ইসলাম মানিক কাজের স্বাধীনতা হিসেবেই দেখছেন। নিজের অভিজ্ঞতা থেকেই মোহামেডানের এই কোচ বলছেন, “সবসময় কোচ --- ম্যানেজারে একটা দ্বন্দ্ব থাকে। আমাদের দেশে ম্যানেজার নিজের মতগুলোকেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। অথচ দল খারাপ করলে দায়ী করা হয় কোচকে। তাই কোচের ওপর ভরসা রাখতে হবে এবং সাফল্যের জন্য আস্তে আস্তে পুরো কোচিং --- স্টাফ নিয়োগের পথে হাটতে হবে ক্লাবগুলোকে।” সম্মানীর প্রশ্নে তার কথা হলো, “ বড় তারকাদের সঙ্গে কোচের সম্মানীর পার্থক্যটা বেশি হওয়া উচিত নয়। খেলোয়াড় ২০ লাখ টাকা পেলে কোচ পাবে ২ লাখ টাকা ---- এমন হওয়া উচিত নয় কখনোই। কোচের মান অনুযায়ী পারিশ্রমিক দিলে কোচও চেষ্টা করবে নিজেকে উজাড় করে দিতে। তখন নিজেকে গুনে -- মানে আরো সমৃদ্ধ করার তাগিদও অনুভব করবে কোচ।”

কোচদের মান নিয়ে প্রশ্নটাকে মেনে নিয়েছেন টিপু --- মানিকরা, তবে আপত্তির জায়গা হচ্ছে, “কোচরা পর্যাপ্ত পারিশ্রমিক না পেলে, এটা পেশা হিসেবে দাঁড়াবে না। সেক্ষেত্রে কোচরা কখনো নিজেদের উন্নয়নের কথাও ভাববে না। এমন চলতে থাকলে এ লাইনে ভাল ছেলে--- পুলেরা আসবে না।”

বাফুফের উপ --- সম্পাদক মঞ্জুর হোসেন মালু অবশ্য আশাবাদী,  “পেশাদার লিগের কল্যাণে এখন থেকে ভালো ছেলেপুলেরা কোচিংয়ে আসতে শুরু করবে। লেখাপড়া জানা লোকজন এলে আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হবে।” বাফুফেও এখন চাইছে কোচদের মান উন্নয়ন করতে, এজন্য মানিক -- আবু ইউসুফের মতো পরীক্ষিত কোচদেরও লাইসেন্স কোর্স করার তাগিদ দিয়েছে। এখন অন্য কোনো উপায়ও নেই, এএফসি থেকেই কড়া নির্দেশ অছে। এএফসির পরামর্শেই বাফুফে প্রথমবারের মতো ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টের জন্য ১৪ জন কোচ নিয়োগ করেছে যাদের বেতন বাফুফে দিচ্ছে না , দিচ্ছে এএফসি।

সেটাই একটু আশার কথা। এই দৈন্য কেটে গেলে হয়তো ক্লাব দলগুলোকে আর হন্যে হয়ে বিদেশী কোচ খুঁজতে হবে না।