জহুর এলাহী এবার বিমানে
‘ঢাকার ক্রিকেটের পরিচিত বিদেশী’ -বললেই যাদের মুখ চোখের সামনে ভেসে ওঠে, জহুর এলাহী তাদের অন্যতম। পাকিস্তানি এই ক্রিকেটার ঢাকার ক্লাব ক্রিকেটের পরীক্ষিত পারফরমার। দুই বছর আগে প্রিমিয়ার ক্রিকেটের অভিষেকেই ওল্ড ডিওএইচএসের শিরোপা ছোঁয়ার পেছনে অবদান ছিল তারও। হ্যাটট্টিক শিরোপা জয়ের জন্য এবারও তাকে চেয়েছিল ডিওএইচএস। কিন্তু এবার জহুর এলাহী নাম লেখাতে যাচ্ছেন বিমানে। বিমান ক্রিকেট দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার জিয়াউর রশীদ রুপম বৃহষ্পতিবার সন্ধ্যায় তা নিশ্চিত করেছেন,“জহুর এবার লিগে আমাদের হয়েই খেলবে।”
এদিকে কাই - অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগের ফিকশ্চার চূড়ান্ত হয়েছে বৃহষ্পতিবার। ১০ জানুয়ারি উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস খেলবে ইয়াং পেগাসাসের বিপক্ষে। রানার্স --- আপ সোনারগাঁ ক্রিকেটার্সের মুখোমুখি হবে পারটেক্স। সেদিনই ভিক্টোরিয়া খেলবে ইন্দিরা রোডের সঙ্গে। এভাবেই দিনে তিনটি করে খেলা হবে। এবার প্রিমিয়ার ক্রিকেটের জন্য ভেন্যু চারটি --- মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম, বিকেএসপি এবং ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম। চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগে জাতীয় দলের ক্রিকেটাররা প্রিমিয়ার ক্রিকেটের পঞ্চম রাউন্ড পর্যন্ত খেলতে পারেন। পঞ্চম রাউন্ডের ম্যাচ হবে ২৫ ও ২৬ জানুয়ারি।
