সুপার লিগ এবং জাতীয় লিগের ওয়ানডে বিশ্বকাপের পরে!
প্রথম পাঁচ রাউন্ড শেষে আপাতত বন্ধ হয়ে আছে জাতীয় ক্রিকেট লীগের দীর্ঘ পরিসরের ম্যাচ। ১৫ ফেব্র“য়ারি থেকে চারদিনের ম্যাচের প্রতিযোগিতার শেষ পাঁচ রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা। আর দুই ভাগে বিভক্ত চারদিনের ম্যাচের মাঝেই হয়ে যাওয়ার কথা ছিল ওয়ানডে টুর্নামেন্টটিও। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের তারকারা খেলবেন এবং সেজন্য ফেব্র“য়ারির প্রথম ১০ দিনের মধ্যেই সেটা সেরে ফেলার ছকও কাটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু এখন সেসব ছকের বাইরে জাতীয় লিগের ওয়ানডে ম্যাচগুলো। সিদ্ধান্ত একরকম হয়েই আছে, জাতীয় দল বিশ্বকাপ খেলে দেশে ফেরার পরপরই মাঠে গড়াবে ওই প্রতিযোগিতা। আবার ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগও বিশ্বকাপের পরে করার সিদ্ধান্তও প্রায় হওয়ার পথে।
ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন সুপার লিগের ব্যাপারে তেমন আভাসই দিয়েছেন,“সুপার লিগটা কখন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। যদি এখন সম্ভাবনার কথা বলি, তাহলে বলব এটা বাংলাদেশ দল বিশ্বকাপ খেলে ফেরার পরই হওয়ার সম্ভাবনা বেশি।” এর কারণ ব্যাখ্যা করতেও ভোলেননি তিনি। টেলিভিশন সম্প্রচারের সুযোগ নেওয়ার ইচ্ছেকেই প্রধান কারণ বলছেন জামিল,“নিম্বাসের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম দুই বছর ১০ দিন করে ঘরোয়া ক্রিকেট দেখাতে বাধ্য ওরা। কিন্তু এখনই সেই সুবিধাটা আমরা নিতে পারছি না। কারণ, টেকনিক্যাল সাপোর্টের বিষয়ও জড়িত এখানে। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই নিম্বাসের সম্প্রচার সরঞ্জামাদি এদেশে আসতে শুরু করবে। সেক্ষেত্রে সুপার লিগ বিশ্বকাপের পরে করলেই টিভিতে ম্যাচগুলো দেখানো যাবে বলে আশা করছি।”
জাতীয় লিগের ওয়ানডেকে বিশ্বকাপের পরে নিয়ে যাওয়ার কারণ অবশ্য ভিন্ন। বলা যায়, বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আরেকটা বিদেশ সফরের বলি হয়েই অনেকটা পিছিয়ে নিতে হয়েছে বিভাগীয় দলগুলোর ওয়ানডে লড়াইকে। বিসিবির টুর্নামেন্ট কমিটির কো --- অর্ডিনেটর আলী হোসেন তেমনই জানাচ্ছেন, “বাংলাদেশ দলের ক্রিকেটাররা জাতীয় লিগের ওয়ানডে খেলেই বিশ্বকাপে যাবেন, এমনভাবেই আমরা সূচী করে রেখেছিলাম। ফেব্র“য়ারির প্রথম ১০ দিনের মধ্যেই আমরা এটা শেষ করে ফেলতাম। কিন্তু এই সময়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত হয়ে যাওয়ায় এটা এখন আর করা সম্ভব হচ্ছে না। আবার ১৫ ফেব্র“য়ারি থেকে আমরা চারদিনের ম্যাচের প্রতিযোগিতার শেষ পাঁচ রাউন্ডের খেলা শুরু করে দিচ্ছি। ওয়ানডে তাই আমরা বাংলাদেশ দল বিশ্বকাপ খেলে ফেরার পরই করবো।”
