দক্ষিন আফ্রিকাকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন স্মিথ
ওয়াসিম জাফরের (১১৬) সেঞ্চুরি আর দীনেশ কার্ত্তিকের (৬৩) ১৫৩ রানের উদ্বোধনী জুটির সুবাদে ৩ উইকেটে ২৫৪ রান নিয়ে প্রথম দিন দিন শেষ করেছিল ভারত। এক সময় সাড়ে চারশ করা সম্ভব মনে হলেও তারা অল আউট হয়ে গেছে ৪১৪ রানে । জবাবে দিন শেষে ১ উইকেটে ১৪৪ রান করে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে দক্ষিন আফ্রিকা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ভিভিএস লক্ষন (১৩) ও শচীন টেন্ডুলকার (৬৪) ছাড়াও বুধবার যারা আউট হয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ ৬৬ রান করেছেন সৌরভ গাঙ্গুলী। এ ছাড়া বীরেন্দর শেবাগ করেছেন ৪০ রান। মাত্র ১৯ রানে শেষ ৫ উইকেট হারায় ভারত। ৭৫ রানে ৪ উইকেট নিয়েছেন শন পোলক।
দক্ষিন আফ্রিকার সূচনাটা এবারও ভালো হয়নি। দলের স্কোর যখন ১৪ তখনই এবি ডি ভিলিয়ার্সকে (১) উইকেট কিপার দীনেশ কার্ত্তিকের ক্যাচ বানান এ সিরিজের সবচেয়ে সফল বোলার শ্রীশান্ত। তারপর হাশিম আমলা (৫০*) অধিনায়ক গ্রায়েম স্মিথের (৭৬*) সঙ্গে জুটি বাঁধলেন, ভারতেরও কপাল পুড়ল। দিনের বাকি সময়ে আর কোনো সাফল্যের দেখা পাননি ভারতীয় বোলাররা।
