২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি সভাপতি পদের প্রার্থী শারদ পাওয়ার

আবার বোধহয় আইসিসি প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন এ উপমহাদেশের একজন। এবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি পদের জন্য লড়বেন শারদ পাওয়ার ও ডেভিড মর্গান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি পাওয়ারের নির্বাচিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার নয়। সুতরাং আইসিসির সর্বোচ্চ পদে আবার উপমহাদেশের প্রতিনিধিত্বের সম্ভাবনা থাকছেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

আইসিসির সভাপতি পদের জন্য বিসিসিআই মনোনয়ন দিয়েছে তাদের সভাপতি শারদ পাওয়ারকে আর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড মনোনিত করেছে তাদের সভাপতি ডেভিড মর্গানকে। এক বিবৃতিতে এ খবর আইসিসিই জানিয়েছে। ফলে দক্ষিন আফ্রিকার পার্সি সনের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইটা শুরু হয়েই গেল বলা যায়। যদিও মূল নির্বাচন প্রক্রিয়া শুরু হতে এখনো অনেক বাকি। নিয়ম অনুযায়ী এখন মনোনয়ন কমিটি এপ্রিলে অনুষ্ঠেয় আইসিসির নির্বাহী বোর্ডের সভায় সুপারিশ করবে এই দুই প্রার্থীর নাম। নির্বাহী বোর্ড সুপারিশ করবে জুনে লন্ডনে অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সম্মেলনে। তারপর ভোটাভুটিও হবে সেই সম্মেলনে। পূর্ণ সদস্য অর্থাৎ টেস্ট পরিবারের সদস্যদের দুই তৃতীয়াংশ ভোট যিনি পাবেন তিনিই হবেন আইসিসির নতুন সভাপতি।

অবশ্য পার্সি সনের মেয়াদ এক্ষুনি শেষ হয়ে যাচ্ছেনা। সভাপতি হিসেবে তার সময় শুরু হয়েছিল গত বছরের জুলাইয়ে। সে অনুযায়ী তার দায়িত্বকাল শেষ হওয়ার কথা ২০০৮ সালের জুলাইয়ে। নতুন সভাপতি তার পরপরই কাজ শুরু করতে পারেন। তবে সভাপতিকে আরো এক বছর সময় বাড়িয়ে দেওয়ার ক্ষমতাও রাখে আইসিসি। সে ক্ষমতা প্রয়োগ করলে শারদ পাওয়ার বা মর্গান যিনিই নতুন সভাপতি হোন না কেন, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ২০০৯ সালে।