অস্ট্রেলিয়াকে অনেক দূর এগিয়ে দিয়েছেন ওয়ার্ন
টেস্ট ক্রিকেট থেকে সবার বিদায় স্মরনীয় হয় না। সবার পক্ষে বিদায়কে স্মরনীয় রাখা হয়ে ওঠে না। এমনকি স্যার ডন ব্র্যাডম্যানও এ কাজে ব্যর্থদের তালিকার বাইরে নন। কিন্তু ভুলেও যেন শেন ওয়ার্ন নামটা লিখবেন না ওই তালিকায়। ক্যারিয়ারের অনেকবারের মতো এবারও আবেগকে জয় করে নিজেকে সবার চেয়ে আলাদা রাখতে পেরেছেন ‘ওয়ার্নি’। নিজের শেষ টেস্টে ওয়ার্ন বল হাতে কী করেন --- এখানেই যখন সবার কৌতুহলের বাসা, তখন হেসে উঠেছে তার ব্যাটও। হ্যাঁ, তার ঝড়ো গতির ফিফটি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার এগিয়ে থাকা নিশ্চিত করেছে। বৃহস্পতি বার ৩৯১ রানে অলআউট হয়েছে রিকি পন্টিংয়ের দল। দিনের শেষ দিকে ফ্লিনটফের উইকেট নিয়ে বল হাতেও অবদান রেখেছেন ওয়ার্ন। ফলে তৃতীয় দিন শেষে ১১৪ রানে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড এখন পরাজয়ের দ্বারপ্রান্তে। অস্ট্রেলিয়া ৮৬ বছর পর আবার ৫ -- ০ তে অ্যাশেজ জেতার খুব কাছাকাছি।
সিডনিতে বৃহস্পতিবার সকালের খেলা দেখে প্রথমে মনে হয়নি যে অস্ট্রেলিয়া এত তাড়াতাড়ি জয়ের স্বপ্ন দেখতে পারবে। বরং খুব তাড়াতাড়ি আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হাসি আর সাইমন্ডসকে ফিরিয়ে প্রথম ইনিংসে এগিয়ে থাাকা অনেকটা নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। আগের দিনের ৩৭ রানের সঙ্গে কোনো রান যোগ করার আগেই মাইকেল হাসি অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে রিডকে ক্যাচ দেন। অস্ট্রেলিয়া তখন ৫ উইকেটে ১৯০।
ষষ্ঠ উইকেট জুটিতে গিলক্রিস্টের সঙ্গে ৭৯ রান তুলে সাইমন্ডস যখন আউট হলেন তখনও ইংল্যান্ডের স্কোর ছাড়াতে ২১ রান বাকি। ওয়ার্ন এসে ওই ২১ -- এর চেয়েও অনেক বেশি দিয়েছেন অস্ট্রেলিয়াকে। গিলক্রিস্ট স্বভাবসুলভ আক্রমনাত্মক ব্যাটিং করলেও তার ৭২ বলে ৬২ রানকে অনেক ম্ল্না মনে হয়েছে ওয়ার্নের ৬৫ বলে ৭১ রানের কাছে। ৯ চার আর ৪ ছক্কায় ঝড় তুলেছিলেন বলেই নয়, সপ্তম উইকেটে গিলক্রিস্টের সঙ্গে ৫৮ আর নবম উইকেটে ব্রেট লি -- র সঙ্গে ৬৮ রানের জুটি গড়েছেন বলেও ওয়ার্নের এ ইনিংস স্মরনীয় হয়ে থাকবে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে। হোয়াইটওয়াশ হয়ে গেলে এ সিরিজ তো ইতিহাসে বিশেষ স্থান পাবেই। ১৯২০ --২১ মৌসুমের ওয়ারউইক আর্মস্ট্রংয়ের দল ছাড়া আর কোনো অস্ট্রেলিয়ান দল তো কখনো ৫ -- ০ তে অ্যাশেজ জেতেনি!
ওয়ার্ন নিজে সেঞ্চুরি পেলে একটা অনাকাঙ্খিত রেকর্ড থেকে নিজের নামটা সরানোর আনন্দটাও হয়তো পেতেন। কিন্তু দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যাওয়ায় কোনো সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি (৩১৫৪) রান করা টেস্ট ব্যাটসম্যান থেকেই গেলেন শেন কিথ ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার দাপটের মুখে ওয়ার্নের এই রেকর্ড যেমন খুব একটা আলোচনায় আসছে না, তেমনি পানি পাচ্ছে না ক্রিস রিডের একটি উইকেট কিপিং রেকর্ডও। মেলবোর্নের পর এখানেও ইনিংসে ছয়টি ডিসমিসাল পাওয়ায় ক্যারিয়ারে দুবার ইনিংসে ছয় ডিসমিসাল পাওয়া প্রথম ইংলিশ উইকেট কিপার হলেন রিড।
সারাদিনে ইংল্যান্ডের কারো বলার মতো পারফরম্যান্স ওই একটাই। দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে স্ট্রাউস (২৪), কুক (৪), বেল (২৮), কলিংউড (১৭) আর ফ্লিনটফদের (৭) কেউ ত্রিশ রানও করতে পারেননি। পিটারসেন চতুর্থ দিনে মন্টি পানেসারের (০) সঙ্গে ব্যাট করতে নামবেন ২৯ রান নিয়ে। ব্রেট লি (২/৩৪), স্টুয়ার্ট ক্লার্ক (২/২৯) , ওয়ার্ন (১/১৪) আর ম্যাকগ্রাকে (০/২২) সামলে ডান হাতি এই ব্যাটসম্যান কত দূর যেতে পারেন সেটাই এখন দেখার। শূন্য থেকেও ইংল্যান্ড যদি কিছু পেতে চায়, তা দেওয়ার সাধ্য তো শুধু পিটারসেনেরই আছে!
