২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নের এক হাজার উইকেট, অস্ট্রেলিয়া ফিরছে পথে

মন্টি পানেসার যে বলটাতে এলবিডাব্লিউ হয়ে গেলেন, তা অসাধারণ কোনো ডেলিভারি ছিল না। তবে ওই উইকেটটা নিজের বিদায়ী টেস্টে শেন ওয়ার্নকে পৌছে দিয়েছে অনন্য এক মাইলফলকে। পানেসারেরও রেকর্ডবুকে নাম উঠে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে চ্যাম্পিয়ন লেগস্পিনার ওয়ার্নের এক হাজারতম শিকার হিসেবে। আর ওই আউটের মধ্য দিয়েই সিডনি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২৯১ রানে। অথচ দ্বিতীয় দিনটা তারা শুরু করেছিল ৪ উইকেটে ২৩৪ রান নিয়ে। সেখান থেকে বড় কিছুর স্বপ্ন বিলীন মাত্র ২৩.২ ওভারে, ৫৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস পৌঁছেছে ৪ উইকেটে ১৮৮ রানে। এখনো তারা ১০৩ রানে পিছিয়ে। হাতে আরো ৬ উইকেট। প্রথম ইনিংসে ভালো লিড নিয়ে হোয়াইট ওয়াশের পথে ফেরা এখনো কিন্তু সম্ভব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 05:03 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এক সময় রিকি পন্টিংয়ের দলকে ১৫৫ রানেই ৪ উইকেট হারানো দলে পরিণত করেছিলেন ইংলিশ বোলাররা। সেখান থেকে ৩৩ রানের পার্টনারশিপ গড়ে আর কোনো বিপর্যয় ছাড়াই দিনটা পার করে দিতে পেরেছেন মাইক হাসি ( ৩৭*) ও অ্যান্ড্রু সাইমন্ডস ( ২২*)। ক্যারিয়ারের শেষ টেস্টে জাস্টিন ল্যাঙ্গার (২৬) অল্পতেই আউট হয়ে গেলেও ম্যাথু হেইডেন দ্বিতীয় উইকেটে তার অধিনায়কের সঙ্গে যোগ করেন ৬৬ রান। কিন্তু তার  (৩৩) ইনিংসটাও শেষ হয় স্টিভ হার্মিসনের করা অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে দ্বিতীয় স্লিপে পল কলিংউডকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে। এরপর এই ইংলিশ পেসারের শিকার তালিকায় যোগ হয়েছেন মাইকেল ক্লার্কও (১১)।  মাঝে পানেসারের বলে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়েছিলেন পন্টিং (৪৫), মিডঅন থেকে জেমস অ্যান্ডারসনের সরাসরি থ্রো এসে লাগে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে। রান আউট।

অবশ্য সকালে ভাগ্যের আনুকূল্য পেয়েছিলেন কলিংউড। ব্রেট লির করা দিনের প্রথম ওভারেই তৃতীয় স্লিপে তার ক্যাচ ফেলেন ল্যাঙ্গার। এই টেস্টে এটি ল্যাঙ্গারের তৃতীয় মিস। অধিনায়ক ফ্লিনটফের সঙ্গে তার ৭৮ রানের পঞ্চম উইকেট পার্টনারশিপ আরো বড় কিছুর স্বপ্নই দেখাচ্ছিল ইংল্যান্ডেকে। কিন্তু আগের দিনের ২৫ রানের সঙ্গে আর মাত্র ২ রান যোগ করেই গ্লেন ম্যাগগ্রার ( ৩/৬৭) বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কলিংউড। এই অ্যাশেজ সিরিজের প্রথম চার টেস্টে ২২.৫৭ গড়ে মাত্র ১৫৮ রান করা ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফই এরপর প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। স্টুয়ার্ট ক্লার্কের ( ৩/৬২) বলে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় সেঞ্চুরি থেকে খুব বেশি দূরে ছিলেন না ফ্লিনটফ (৮৯)। পরপর দুই বলে ক্রিস রিড ও সাজিদ মাহমুদকে আউট করে এদিন হ্যাটট্রিকের সামনে দাঁড়ানো ব্রেট লিও ৭৫ রানে নিয়েছেন ৩ উইকেট।