২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড

ম্যাচ শেষ হলো ছক্কা দিয়ে। তারপরও খুব জমেছে বলা যাবে না নিউজিল্যান্ড -- শ্রীলংকা সিরিজের তৃতীয় ওয়ানডে। ২১.৩ ওভার বাকি থাকতেই ৪ উইকেটে জিতে ৫ ম্যাচের সিরিজে ২ -- ১ -- এ এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এ ম্যাচেও খেলেননি স্টিফেন ফ্লেমিং। তবে তার অনুপস্থিতি শুরুতে টের পেতে দেয়নি মাইকেল ম্যাসনের বোলিং। বৃষ্টির জন্য খেলা শুরু হয়েছিল ৪৫ মিনিট দেরিতে। তারপর খেলার মাঝেও দু’বার মাঠ ছাড়তে হয়েছে খেলোয়াড়দের। বৃষ্টি ছাড়া আগে ব্যাট করতে নামা শ্রীলংকানদের যা ভুগিয়েছে তা হলো মাইকেল ম্যাসনের বোলিং।  ২৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলংকাকে বলতে গেলে একাই শেষ করে দেন ম্যাসন। শ্রীলংকা মাত্র ৩৫.২ ওভারে অলআউট হয়ে যায় ১১২ রানে। দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ২৮ রান করেন মারভান আতাপাত্তু।

প্রথম ম্যাচের মতো এবারও ম্যাচ শেষ করতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির দ্বারস্থ হতে হয়। নিউজিল্যান্ডকে বেঁধে দেওয়া হয় ৪৬ ওভারে ১১০ রানের টার্গেট। খুব সহজ মনে হলেও এই লক্ষ্যের দিকে এগোতে গিয়েই কিন্তু বিপদে পড়ে গিয়েছিল তারা। এক পর্যায়ে মাত্র ৭০ রানে ৬ উইকেট হারিয়েও ব্ল্যাক ক্যাপরা শেষ পর্যন্ত জিতেছে মূলত পিটার ফুলটনের অপরাজিত ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে। দিলহারা ফার্নান্দোর করা ম্যাচের ২৫ তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে দলকে সিরিজে এগিয়ে দেন তিনি। জয়ে এত বড় অবদান রেখেও অবশ্য ম্যান অব দি ম্যাচ হতে পারেননি ফুলটন। পুরস্কারটি যথার্থভাবেই গিয়েছে মাইকেল ম্যাসনের হাতে।

সংক্ষিপ্ত স্কোর : শ্রীলংকা ৩৫.২ ওভারে ১১২ (থারাঙ্গা ১১, জয়াসুরিয়া ০, আতাপাত্তু ২৮, সাঙ্গাকারা ১৫, জয়াবর্ধনে ১, চামারা সিলভা ৪, দিলশান ১৮, মাহরুফ ১৩, ফার্নান্দো ৮, মুরালিধরন ৮, পেরেরা ০, ম্যাসন ৪/২৪, ভেট্টোরি ২/৭, বন্ড ১/৩৭, ফ্র্যাঙ্কলিন ১/৩২)

নিউজিল্যান্ড ২৪.৩ ওভারে ১১০/৬ ( ম্যাককালাম ২২, টেলর ০, অ্যাস্টল ০, ফুলটন ৪৩*, ভেট্টোরি ১১, জেমস মার্শাল ৫, হামিশ মার্শাল ৪, ফ্র্যাঙ্কলিন ১৫*, ফার্নান্দো ২/৩৪, মাহরুফ ১/১৩, মুরালিধরন ১/১৮, পেরেরা ২/৩৭)   

ফল : নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী